✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-০৮, | ১৩:৫৯:৩৩ |ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা ‘পুরোপুরি প্রয়োজনীয়’ ছিল বলে মন্তব্য করেছেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। বুধবার তিনি এই কথা বলেন।
হরমুজ প্রণালিতে তিনটি তেলের ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার পর গত মঙ্গলবার ইরানজুড়ে নতুন করে হামলা চালায় মার্কিন বাহিনী। একই সঙ্গে তেহরানের তেল বিক্রির লাইসেন্সও বাতিল করে দেয় ওয়াশিংটন, যা দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতিকে চরম ঝুঁকিতে ফেলেছে।
তুরস্কের আঙ্কারায় ন্যাটো নেতাদের একটি শীর্ষ সম্মেলন শুরু হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্ক রুট। তিনি বলেন, যখন একটি যুদ্ধবিরতি চলছে এবং ইরান মূলত সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, তখন যুক্তরাষ্ট্রের এমন জোরালো জবাব দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল।
এই সম্মেলনে ইউরোপের নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই সামরিক জোটের পাশে থাকার জন্য রাজি করানোর চেষ্টা করবেন। ইরান যুদ্ধ এবং গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের নতুন করে বিরোধ তৈরি হওয়ার পর এই চেষ্টা চলছে।
ন্যাটো প্রধান বলেন, ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ প্রতিশ্রুতি’ নিয়ে কোনো সন্দেহ থাকার সুযোগ নেই। কারণ, এই জোট আমেরিকাকেও রক্ষা করতে কাজ করে। তবে তিনি যোগ করেন, ‘আমেরিকার প্রত্যাশা হলো ইউরোপ এবং কানাডাও যেন যুক্তরাষ্ট্রের সমান সামরিক খরচ বহন করে, যা আমার মনে হয় পুরোপুরি ন্যায্য।’
তিনি এটাকে একটি বড় জয় হিসেবে উল্লেখ করে বলেন, ভালো খবর হলো এটাই আজকের বড় সাফল্য। এটি পুতিনের জন্য ক্ষতি, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বড় জয়।