যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম কিনে শাহরুখ বললেন, স্বপ্ন বাস্তবে রূপ নিলো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০২, | ২০:৪১:৩১ |
বলিউড তারকা শাহরুখ খানের সাফল্যের তালিকায় এবার যুক্ত হলো নতুন এক মাইলফলক। কিংখানের সহ-মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ যুক্তরাষ্ট্রে ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে। বিশ্বের প্রথম বৈশ্বিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি হিসেবে তারা নিজস্ব আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম প্রতিষ্ঠা করেছে।

‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড, লস অ্যাঞ্জেলেস’-এ ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে প্রথম মেজর লিগ ক্রিকেট ম্যাচ। স্টেডিয়ামটির উদ্বোধনী ম্যাচে মাঠে নামে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডম। এই ম্যাচ শুধু নতুন একটি ভেন্যুর উদ্বোধনই নয়, বরং যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জন্য স্থায়ী ও বিশ্বমানের একটি ঠিকানা তৈরির প্রতীক বলেও মনে করছে নাইট রাইডার্স গ্রুপ।

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত এই স্টেডিয়ামে রয়েছে মূল স্কয়ারে আটটি উইকেট, আইসিসি নির্ধারিত মাঠের পরিমাপ এবং ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। স্টেডিয়াম নির্মাণে প্রায় ৩২ হাজার মেট্রিক টন মাটি সরিয়ে আধুনিক খেলার উপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে।

স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে শাহরুখ খান বলেন, ‘যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খেলাকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ফেয়ারপ্লেক্সের সঙ্গে এই দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে আমরা শুধু একটি ক্রিকেট ভেন্যু নির্মাণ করিনি, বরং এমন একটি জায়গা গড়ে তুলেছি যেখানে মানুষ একত্র হবে, আনন্দ করবে এবং স্মরণীয় মুহূর্ত তৈরি করবে।”

তিনি আরও বলেন, “এটি শুধু খেলাধুলার জন্য নয়, পরিবার, বিনোদন এবং ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটপ্রেমীদের জন্যও একটি ঠিকানা হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। লস অ্যাঞ্জেলেস, বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমী এবং নাইট রাইডার্স পরিবারের জন্য এটি আমাদের উপহার। বিশ্বাস রাখুন পার্পল অ্যান্ড গোল্ডে।”

উদ্বোধনী ম্যাচে বিশেষ অতিথি হিসেবে প্রথম প্রতীকী বল করেন এনবিএ চ্যাম্পিয়ন ও লস অ্যাঞ্জেলেস লেকার্সের সাবেক তারকা মেটা ওয়ার্ল্ড পিস (রন আর্টেস্ট)। আয়োজকদের মতে, তাঁর উপস্থিতি যুক্তরাষ্ট্রের মূলধারার ক্রীড়ার সঙ্গে ক্রিকেটের সংযোগ আরও শক্তিশালী করবে।

আগামী ১ থেকে ৫ জুলাই পর্যন্ত এই স্টেডিয়ামে মেজর লিগ ক্রিকেট-এর একাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে এবং দেশটিতে খেলাটির দীর্ঘমেয়াদি বিকাশে নতুন মাইলফলক স্থাপন করবে বলে আশা করছে নাইট রাইডার্স গ্রুপ। সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..