বিশ্বকাপ ফুটবল মাঠে গড়ানোর সঙ্গে ফুটবলপ্রেমীদের মাঝে শুরু হয়েছে এক অন্য রকম উন্মাদনা।
এ উন্মাদনা কোনো ফুটবল ম্যাচ বা টিকিটের জন্য নয়, বরং প্রিয় খেলোয়াড়দের ছবি সংবলিত ছোট ছোট স্টিকারের জন্য। বিশ্বজুড়ে সব বয়স ও সংস্কৃতির মানুষের কাছে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘পানিনি স্টিকার’। খবর এপি।
সাধারণত প্রতিটি স্টিকার প্যাকের দাম প্রায় ২ ডলার বা দেড় ইউরো। তবে কাতার বিশ্বকাপ থেকে পানিনি স্টিকারে কিছু বিশেষ রঙের বর্ডার যুক্ত করা শুরু করেছে। লাল, বেগুনি বা কমলা বর্ডারের স্টিকারগুলোর চাহিদা অনেক বেশি। সবচেয়ে বিরল হলো কালো বর্ডারের ‘ওয়ান অব ওয়ান’ (বিশ্বে মাত্র একটি) স্টিকার। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো বা লামিনে ইয়ামালের মতো তারকাদের এ কালো বর্ডারের স্টিকারের মূল্য এখন আকাশছোঁয়া। মেসির বা অন্য তারকাদের বিশেষ স্টিকারগুলো সাধারণ কোনো দোকান বা প্যাকেজে আর পাওয়া যাবে না। এগুলো নিলামে বিক্রি করা হবে।
বাজার বিশেষজ্ঞদের মতে, মেসির একটি কালো বর্ডারের স্টিকার নিলামে ২ লাখ ডলার পর্যন্ত বিক্রি হতে পারে।
ইতালির চার ভাই ১৯৭০ সালে ১ হাজার ডলার খরচ করে স্টিকার তৈরির স্বত্ব কেনেন। এর পর থেকে গত ৫০ বছরেরও বেশি সময় ধরে প্রতিটি বিশ্বকাপে স্টিকারের প্যাক বাজারে ছাড়া হয়। ভক্তরা এসব স্টিকার কিনে নিজেদের বিশেষ অ্যালবামে আঠা দিয়ে লাগান ও পরস্পরের সঙ্গে বিনিময় করেন। তবে এবারের অ্যালবামটি ইতিহাসের সবচেয়ে বড় অ্যালবাম। ২০২৬ বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেয়ায় অ্যালবামে মোট ৯৮০টি স্টিকারের জায়গা রাখা হয়েছে।
এ জাতীয় আরো খবর..