অ্যানিমেশন চলচ্চিত্রের জগতে নতুন ইতিহাস গড়েছে ‘টয় স্টোরি ৫’। মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বব্যাপী ৩১২ মিলিয়ন ডলার আয় করেছে ডিজনি ও পিক্সারের বহুল প্রতীক্ষিত এই সিনেমা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা।
এত বিশাল আয় দিয়ে আলোচনায় উঠে এসেছে সিনেমাটি। অ্যান্ড্রু স্ট্যান্টন পরিচালিত এই কিস্তিতে তুলে ধরা হয়েছে আধুনিক সময়ের শিশুদের প্রযুক্তিনির্ভর জীবনের গল্প। খেলনার বদলে ‘লিলিপ্যাড’ নামের একটি স্মার্ট ট্যাবলেটের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে বনি। আর সেই পরিবর্তিত বাস্তবতায় নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় উডি, বাজ লাইটইয়ার, জেসি ও তাদের সঙ্গীরা।
সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন টম হ্যাঙ্কস, টিম অ্যালেন, গ্রেটা লি, কোনান ও’ব্রায়েন এবং শেলবি রাবারা।
আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, ডিজনি-পিক্সারের অ্যানিমেশন চলচ্চিত্রগুলোর মধ্যে এটিই সর্বকালের সর্বোচ্চ ওপেনিং উইকেন্ড আয়। একই সঙ্গে ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত হলিউড সিনেমাগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ও এখন ‘টয় স্টোরি ৫’-এর দখলে।
