টেলিভিশন ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী সিটকম পরিচালক জেমস বারোজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। জেমস বারোজের পরিবার মার্কিন গণমাধ্যম পিপল-কে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, 'তিনি আজ পরিবারের সদস্যদের সান্নিধ্যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।' তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কিংবা স্থান সম্পর্কে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
কয়েক দশক দীর্ঘ ক্যারিয়ারে জেমস বারোজ মার্কিন টেলিভিশন কমেডির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তার পরিচালিত ও যুক্ত থাকা বিখ্যাত সিরিজগুলোর মধ্যে— 'চিয়ার্স', 'ট্যাক্সি', 'ফ্রেন্ডস', 'উইল অ্যান্ড গ্রেস' অন্যতম।
টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অসামান্য অবদানের জন্য তিনি মোট ১১টি এমি অ্যাওয়ার্ড জয় করেন। এর মধ্যে ১৯৮০ এবং ১৯৮১ সালে পরপর দুই বছর 'ট্যাক্সি'র জন্য 'আউটস্ট্যান্ডিং ডিরেক্টিং' বিভাগে নিজের প্রথম এমি পুরস্কারগুলো লুফে নেন তিনি। এমি ছাড়াও তিনি পাঁচবার 'ডাইরেক্টরস গিল্ড অব আমেরিকা' পুরস্কারে ভূষিত হন। ২০১৫ সালে ডাইরেক্টরস গিল্ড অব আমেরিকা তাকে মর্যাদাপূর্ণ 'লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড'-এ ভূষিত করে।
