✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-১৮, | ১০:৫৩:০৮ |২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত ৩৪ দশমিক ৪৯ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮.৩ শতাংশ বেশি। এর মধ্যদিয়ে চলতি অর্থবছরেও প্রবাসী আয়ের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ১৬ জুন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৪ দশমিক ৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ২৯.১৪ বিলিয়ন মার্কিন ডলার।
এদিকে ২০২৬ সালের ১৬ জুন একদিনেই প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১০৫ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রবাসীদের ধারাবাহিক অবদানেরই প্রতিফলন।
চলতি জুন মাসের ১৬ দিনে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭২৯ মিলিয়ন মার্কিন ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৬৩ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৬ জুন পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৪৪৮ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৮ দশমিক ৩০ শতাংশ।
এর আগে গত মে মাসে দেশে এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।