খোলপেটুয়া নদীতে ১০ কেজির রঙিন কচ্ছপ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৪, | ১৩:১২:১৪ |
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীতে জেলের জালে প্রায় ১০ কেজি ওজনের একটি রঙিন কচ্ছপ ধরা পড়েছে। তবে বনবিভাগ এখনো এর সঠিক প্রজাতি শনাক্ত করতে পারেনি।

গত শুক্রবার দুপুরে গাবুরা ইউনিয়নের শেখবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে বলে জানান পরিবেশকর্মী সাইফুল ইসলাম। তিনি বলেন, মাছ ধরার সময় জেলের জালে হঠাৎ বিশাল আকৃতির কচ্ছপটি উঠে আসে, যা দেখে জেলেসহ স্থানীয়রা বিস্মিত হন। পরে কচ্ছপটি জেলে নিজের বাড়িতে নিয়ে রাখেন।

গতকাল শনিবার বিষয়টি প্রকাশ্যে এলে কচ্ছপটি দেখতে জেলের বাড়িতে ভিড় করেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরবর্তীতে স্থানীয় যুবক আশিক ও পরিবেশকর্মী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত হয়ে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে কচ্ছপটি নিরাপদে বনবিভাগের কাছে হস্তান্তরের উদ্যোগ নেন। পরে বিকেলে ‘কমিউনিটি পেট্রোলিং গ্রুপ’ (সিপিজি) সদস্যদের সহযোগিতায় কচ্ছপটি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া বন স্টেশনে হস্তান্তর করা হয়।

কলাগাছিয়া বন স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের সহযোগিতায় বিরল প্রজাতির এই কচ্ছপটি নিরাপদে বনবিভাগের হেফাজতে এসেছে এবং বর্তমানে এটি তাদের তত্ত্বাবধানে রয়েছে।

তিনি আরও বলেন, কচ্ছপটির প্রজাতি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এর সঠিক পরিচয় নির্ধারণ করা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয়দের সচেতনতা ও দ্রুত উদ্যোগের কারণে বিরল এই সামুদ্রিক প্রাণীটি নিরাপদে সংরক্ষণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..