উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর পরীক্ষা নিতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১১, | ১৯:২৩:০১ |

অবশেষে অপেক্ষার অবসান ঘটছে ফুটবলপ্রেমীদের। ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশের যৌথ আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে সহ-স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় আজ রাত একটায় শুরু হবে মাঠের এই হাইভোল্টেজ লড়াই। শক্তি-সামর্থ্য কিংবা মাঠের দর্শক সমর্থন; সবদিক থেকেই মেক্সিকো এগিয়ে থাকলেও, প্রতিপক্ষকে ছেড়ে কথা বলতে নারাজ দক্ষিণ আফ্রিকা। দলটির অভিজ্ঞ কোচ হুগো ব্রুশ সাফ জানিয়ে দিয়েছেন, মেক্সিকোর কঠিন পরীক্ষা নিতে সম্পূর্ণ প্রস্তুত তার দল।

ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি ঘটছে এবারের উদ্বোধনী ম্যাচে। এর আগে ২০১০ সালে ঘরের মাঠ জোহানেসবার্গে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এই মেক্সিকোর মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেবার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচেই সেই চেনা প্রতিপক্ষকে সামনে পেল তারা। মেক্সিকোর সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এবার বেশ সতর্ক ছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরুর ১০ দিন আগেই তারা মেক্সিকোয় পাড়ি জমায়। কোচ ব্রুশ আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, উচ্চতা ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ১০ দিন যথেষ্ট সময় ছিল এবং দলের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রতিপক্ষ মেক্সিকোর মাঠের শক্তি এবং ৮৫ হাজার দর্শকের গগনবিদারী চিৎকার যে স্বাগতিকদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে, তা অকপটে স্বীকার করেছেন দক্ষিণ আফ্রিকান কোচ। তবে নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা টেনে তিনি জানান, ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে স্বাগতিকদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে তার, যা এবার কোচ হিসেবে কৌশল সাজাতে সাহায্য করবে। এবারের ‘এ’ গ্রুপে এই দুই দল ছাড়াও রয়েছে দক্ষিণ কোরিয়া ও চেক রিপাবলিক। টুর্নামেন্টের পরবর্তী ধাপে যাওয়ার ক্ষেত্রে এই উদ্বোধনী ম্যাচটিকেই গ্রুপ পর্বের সবচেয়ে বড় ভাগ্যনির্ধারক বলে মনে করছেন ব্রুশ। তার মতে, প্রথম ম্যাচে জয় না পেলে শুরুতেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কঠিন শঙ্কায় পড়তে হবে।

অবশ্য দক্ষিণ আফ্রিকার আত্মবিশ্বাসের পালে হাওয়া দিচ্ছে মেক্সিকোর একটি বিব্রতকর পরিসংখ্যান। বিশ্বকাপে এ নিয়ে সর্বোচ্চ আটবার উদ্বোধনী ম্যাচ খেলার রেকর্ড গড়তে যাচ্ছে মেক্সিকো, কিন্তু আগের সাতবারের একবারও তারা আসরের শুরুর ম্যাচে জয়ের মুখ দেখেনি। মেক্সিকোর এই উদ্বোধনী গেরো ধরে রেখেই আজ রূপকথা লিখতে চায় দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ঘরের মাঠে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে মরিয়া মেক্সিকো। মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কার হাসি চওড়া হয়, তা দেখার অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..