কাতারে ২০২২ সালের অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ের পর ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় এসেছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। দীর্ঘদিনের সঙ্গী কামিলা মায়ানের সঙ্গে বিচ্ছেদের জেরে তখন আইনি জটিলতায় পড়েন মেসির এই সতীর্থ।
২৫ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে মায়ানের দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ছিল। সম্পর্ক ভাঙনের প্রায় দুই বছর পর মায়ান ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন।
তার অভিযোগ, সম্পর্ক চলাকালে তিনি ম্যাক অ্যালিস্টারের সঙ্গে আর্জেন্টিনার বাইরে প্রায় তিন বছর কাটিয়েছেন এবং সে সময়ের জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্য। একই সঙ্গে নিজের কিছু ব্যক্তিগত জিনিসপত্র আটকে রাখার অভিযোগও তোলেন তিনি।
মায়ান আরও দাবি করেন, তার এক বান্ধবীর সঙ্গে সম্পর্কে জড়ানোর পর ম্যাক অ্যালিস্টার হঠাৎ করেই সম্পর্কের ইতি টানেন। বর্তমানে ম্যাক অ্যালিস্টার সেই বান্ধবী আইলেন কোভার সঙ্গে সম্পর্কে রয়েছেন।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টিনার হয়ে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের মধ্যে আর সম্পর্ক ছিল না। সে তার পথে গেছে, আমি আমার পথে গেছি।
মামলার প্রসঙ্গে তার মন্তব্য, সবকিছু আদালতে আছে, সেখানেই বিষয়টির নিষ্পত্তি হবে। সে তার অধিকার প্রয়োগ করছে।
মায়ানের আইনজীবী ইগনাসিও ত্রিমার্কো বলেন, তার মক্কেল সম্পর্ক ভাঙার বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি; বরং অপর পক্ষের দিক থেকেই বিষয়টি আলোচনায় এসেছে।
অন্যদিকে ম্যাক অ্যালিস্টারের মা সিলভিনা রিয়েলা জানান, তারা আইনি প্রক্রিয়ার ওপর আস্থা রাখছেন এবং ন্যায়বিচারের প্রত্যাশা করছেন।
বিশ্বকাপ জয়ের পর ব্রাইটন ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে যোগ দেন ম্যাক অ্যালিস্টার। মাঠে পারফরম্যান্স ইতিবাচক থাকলেও ব্যক্তিজীবনের এই আইনি লড়াই এখনো আলোচনায় রয়েছে।
এ জাতীয় আরো খবর..