ভাইকিং সাজে হালান্ড ও নরওয়ে দল, তীব্র বিতর্ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৯, | ২১:২৬:২৪ |

বিশ্বকাপ ফুটবলের জার্সি উন্মোচন ও ফটোশুট ঘিরে এবার নজিরবিহীন এক বিতর্কের মুখে পড়েছে নরওয়ে জাতীয় ফুটবল দল। দেশটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড এবং তার সতীর্থদের একটি ভাইকিং থিমযুক্ত ফটোশুটকে কেন্দ্র করে নরওয়ের সমাজ ও ক্রীড়াঙ্গনে তীব্র বিভক্তি দেখা দিয়েছে। সমালোচকদের একাংশ এই ফটোশুটকে চরম উগ্র জাতীয়তাবাদী, পুরুষতান্ত্রিক এবং নব্য-নাৎসি ভাবধারার সাথে তুলনীয় বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি, ভাইকিং যুগের রক্তক্ষয়ী ইতিহাস, লুণ্ঠন ও নির্যাতনকে এই ছবির মাধ্যমে মহানায়কোচিতভাবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

একটি সমুদ্র সৈকতে আয়োজিত এই বিতর্কিত ফটোশুটে নরওয়ে দলের খেলোয়াড়দের হাতে ভাইকিংদের ঐতিহ্যবাহী ঢাল, ধনুক, তীর এবং কুঠার দেখা যায়, যার পটভূমিতে ছিল ভাইকিংদের বিশেষ নৌকা। নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের পরিকল্পনায় তৈরি এই বিশেষ জার্সির পেছনে কিছু রুনিক লিপি বা প্রাচীন ভাইকিং প্রতীক ব্যবহার করা হয়েছে। আর এটি নিয়েই আপত্তির ঝড় তুলেছেন গবেষক ও সমাজ বিশ্লেষকরা।

নরওয়ের মূলধারার গণমাধ্যমগুলোতে এই ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেশটির খ্যাতনামা সাংবাদিক মারকুস স্লেটহোম এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন যে, এই ভাইকিং চিত্রগুলো অত্যন্ত উগ্র এবং সমাজ থেকে অন্য সংস্কৃতিকে বাদ দেওয়ার মানসিকতার বহিঃপ্রকাশ। তার মতে, এই ছবিগুলো প্রায় এক দশক আগের নব্য-নাৎসিদের প্রচারণামূলক কর্মকাণ্ডের কথা মনে করিয়ে দেয়। অন্যদিকে, গবেষক জেন হগ স্কজল্ডলি এই জার্সির নকশাকে অতি-পুরুষতান্ত্রিক এবং উগ্র-ডানপন্থী ঘরানার বলে মন্তব্য করেছেন। তিনি জানান, জার্সিতে ব্যবহৃত কিছু প্রতীক দুর্ভাগ্যবশত ফ্যাসিবাদের প্রতীকী ভাষার সাথে মিলে যায়।

এদিকে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে এই ধরনের বিতর্ক নরওয়ে দলের ড্রেসিংরুম এবং অনুশীলন ক্যাম্পেও বড় ধরনের প্রভাব ফেলেছে। তবে এই সামাজিক বিতর্ককে একেবারেই পাত্তা দিতে নারাজ দলের প্রধান কোচ স্টেল সলবাকেন। এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বেশ ক্ষোভ প্রকাশ করেন। সলবাকেন সাফ জানিয়ে দিয়েছেন যে, বর্তমানে এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয় নিয়ে ভাবার আছে এবং এই সব ফালতু বিতর্কের পেছনে নষ্ট করার মতো সময় তার বা তার দলের নেই। 

সূত্র: মার্কা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..