মেসি কখনোই দলের বিষয়ে নাক গলাননি: স্কালোনি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৯, | ২০:১২:১৪ |

আসন্ন বিশ্বকাপ ফুটবলের আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে এক কাল্পনিক তুলনা টেনে লিওনেল মেসিকে নিয়ে তৈরি হওয়া ‘মিথ্যা নাটক’ ও বিতর্ক নিয়ে এবার সোজাসুজি ধুয়ে দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আলবিসেলেস্তে বসের দাবি, সংবাদমাধ্যমে তার বক্তব্যকে সম্পূর্ণ বিকৃত করে উপস্থাপন করা হয়েছে।

সম্প্রতি একটি বিদেশি সংবাদমাধ্যম দাবি করে, আর্জেন্টিনা দলের যেকোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে লিওনেল মেসির পরামর্শ নেন স্কালোনি। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে জল ঘোলা হতে শুরু করে। এমনকি পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজকেও মুখোমুখি হতে হয় এমন প্রশ্নের, তার দলেও রোনালদোর এমন প্রভাব আছে কি না। পুরো বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত ২০২২ বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি।

সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভ উগরে দিয়ে স্কালোনি বলেন, সেদিন তিনি কেবল বলেছিলেন যে মেসিকে সম্পর্কিত সব বিষয় তিনি অধিনায়কের সঙ্গে আলোচনা করেন। কিন্তু একটি বিদেশি গণমাধ্যম সেই কথাকে মচকে দিয়ে প্রচার করেছে যে মেসিকে না জিজ্ঞেস করে স্কালোনি কোনো সিদ্ধান্তই নেন না। পর্তুগাল কোচের মন্তব্য প্রসঙ্গে তিনি জানান, মার্তিনেজকে আসল প্রেক্ষাপট না জানিয়ে প্রশ্ন করা হয়েছিল বলেই তিনি ভিন্নভাবে উত্তর দিয়েছেন। তবে স্কালোনির বিশ্বাস, মার্তিনেজও তার মতোই কাজ করেন; রোনালদোর পরিস্থিতি নিয়ে তার সঙ্গে কথা বলেন এবং শেষ পর্যন্ত দল নির্বাচন করেন কোচ নিজেই।

নিজের কর্তৃত্ব নিয়ে সমালোচনা স্কালোনিকে যতটা না পুড়িয়েছে, তার চেয়ে বেশি পুড়িয়েছে মেসির দিকে ওঠা আঙুল। ৩৮ বছর বয়সী অধিনায়ককে নিয়ে এমন ইঙ্গিত মেনে নিতে পারছেন না তিনি। স্কালোনি স্পষ্ট করে বলেন, মেসির শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করা আর দল নির্বাচনে তার প্রভাব খাটানোর মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। খবরটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই বছরের পর বছর ধরে ডাগআউটে থাকার অভিজ্ঞতায় মেসি কখনোই তাকে দল নিয়ে একটি কথাও বলেননি। মেসি সম্পর্কিত সবকিছু তার সাথে আলোচনা করা হলেও, কাকে খেলাতে হবে বা দল কেমন হবে—তা নিয়ে মেসি কখনোই কোনো হস্তক্ষেপ করেননি।

আগামী ১৬ জুন কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। তার আগে কোচের এই কড়া বার্তা দলটিকে মাঠের বাইরের বিতর্ক থেকে স্বস্তি দেবে। মেসি ও রোনালদোর সম্ভাব্য ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ নিয়ে যখন উন্মাদনা তুঙ্গে, তখন স্কালোনি পরিষ্কার জানিয়ে দিলেন, আর্জেন্টিনা দল মেসির ব্যাপারে মেসির কথা শুনবে, তবে দল কেমন হবে সেই সিদ্ধান্ত একান্তই কোচের।

সূত্র: মার্কা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..