✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-০৮, | ২২:৩০:০৫ |টানা দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে অভিযানে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির অধীনে একতাবদ্ধ ও আত্মবিশ্বাসী এই দলটি এখন আর কেবল লিওনেল মেসির জাদুর ওপর নির্ভরশীল নয়। ডি মারিয়ার আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর দলে কিছুটা পরিবর্তন এলেও স্কালোনি তাঁর চেনা ৪-৩-৩ ফর্মেশনেই অনড় থাকছেন। যেখানে রক্ষণে থাকবে নিরেট দেয়াল এবং মাঝমাঠে দেখা যাবে গতিময় ও নিখুঁত পাসের ফুলঝুরি। কনমেবল অঞ্চলের বাছাইপর্বে দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে স্পষ্ট ৯ পয়েন্ট এগিয়ে থেকে টেবিলের শীর্ষে থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা, যার মধ্যে রয়েছে ব্রাজিলের মাটিতে ঐতিহাসিক জয়ও।
তবে এবারের মিশন দলটির জন্য একেবারে সহজ হবে না বলে সতর্ক করে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। দীর্ঘ আট বছরের সফল মেয়াদে তিনটি বড় শিরোপা জেতানো এই মাস্টারমাইন্ড মনে করেন, এবারের বিশ্বকাপটি অত্যন্ত জটিল ও কঠিন হতে যাচ্ছে। ক্লাবের হয়ে একটি ক্লান্তিকর মৌসুম পার করে আসায় বেশ কয়েকজন ফুটবলার চোটের সমস্যায় ভুগছেন, যা কিছুটা চিন্তার কারণ। তবে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেস ও থিয়াগো আলমাদার মতো প্রতিষ্ঠিত তারকাদের পাশাপাশি স্কোয়াডে যুক্ত হওয়া নতুন মুখরা দলের গভীরতা অনেক বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ইতালিয়ান ক্লাব কোমোতে দুর্দান্ত ফর্মে থাকা তরুণ নিকো পাস এবার টুর্নামেন্টের অন্যতম আবিষ্কার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। স্পেনে জন্ম নেওয়া এই তরুণ ইতিমধ্যেই আর্জেন্টিনার ফুটবল আবেগের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে আলবিসেলেস্তেদের জার্সি গায়ে জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
দলের প্রাণভোমরা হিসেবে নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছেন অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্ট চলাকালীন ৩৯ বছরে পা দিতে যাওয়া এই কিংবদন্তি এখন ইউরোপের এলিট লিগে না খেললেও তিনিই দলের মূল অনুপ্রেরণা। তবে এবারের আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তির জায়গা হলো, মেসিকে ছাড়াও ম্যাচ জেতার পূর্ণ আত্মবিশ্বাস এখন এই স্কোয়াডের রয়েছে। আড়ালে থাকা নায়ক হিসেবে এবার বড় দায়িত্ব পড়তে যাচ্ছে পঁচিশ বছর বয়সী থিয়াগো আলমাদার কাঁধে। গত বিশ্বকাপে কেবল মাত্র কয়েক মিনিটের জন্য মাঠে নামার সুযোগ পেলেও এবার ডি মারিয়ার ছেড়ে যাওয়া শূন্যস্থান পূরণে প্রধান অস্ত্র হতে পারেন আতলেতিকো মাদ্রিদের এই মিডফিল্ডার।
মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতেও ঝড় তুলতে প্রস্তুত আর্জেন্টিনার সমর্থকেরা। কাতার বিশ্বকাপের মতো এবারও ডালাস, কানসাস সিটি কিংবা মায়ামির স্টেডিয়ামগুলো আর্জেন্টাইন ভক্তদের উন্মাদনায় মুখরিত থাকবে। যুক্তরাষ্ট্রের কঠোর নিরাপত্তার কারণে বিশৃঙ্খলার কোনো আশঙ্কা না থাকলেও গ্যালারিতে উৎসবের কমতি হবে না বলেই বিশ্বাস সবার। রাজনৈতিক জটিলতা থেকে দলের ফুটবলাররা সবসময় দূরে থাকলেও ইন্টার মায়ামির হয়ে হোয়াইট হাউজে আমন্ত্রিত মেসি এবং আর্জেন্টিনার বর্তমান সরকারের সঙ্গে মার্কিন প্রশাসনের সুসম্পর্কের কারণে মাঠের বাইরেও এক ভিন্ন আবহ তৈরি হয়েছে। সব মিলিয়ে, এক নতুন শুরুর গল্প লিখতে এবং নিজেদের জার্সিতে চতুর্থ তারকাটি যোগ করতে সম্পূর্ণ প্রস্তুত স্কালোনির এই লড়াকু দল।
সূত্র: দ্য গার্ডিয়ান