✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-০১, | ১৭:৫১:১৬ |প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডধারী জেমস মিলনার অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে দিয়ে দীর্ঘ ২৪ বছরের প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের ইতি টানলেন এই ফুটবলার।
২০০২ সালে ১৬ বছর বয়সে লিডস ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক হওয়া মিলনার লিভারপুল, ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা এবং নিউক্যাসল ইউনাইটেডসহ বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের ম্যাচে অংশ নেওয়ার তিনি ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্যারেথ ব্যারির প্রিমিয়ার লিগে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডটি ছাড়িয়ে যান। এটি ছিল ইংল্যান্ডের শীর্ষ স্তরের লিগে তার ৬৫৪তম ম্যাচ।
রেকর্ডটি ভাঙার পর তিনি ব্রাইটনের হয়ে আরও চারটি ম্যাচ খেলেন, যার ফলে তার মোট ম্যাচের সংখ্যা দাঁড়ায় ৬৫৮।ক্যারিয়ারজুড়ে ক্লাব ও দেশের হয়ে মোট ৯৬৪টি ম্যাচ খেলেছেন এই ফুটবলার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে মিলনার বলেছেন, প্রিমিয়ার লীগে ২৪টি মৌসুম কাটানোর পর, আমার খেলোয়াড়ি জীবনের ইতি টানার এটাই সঠিক সময় বলে মনে হচ্ছে। টিকে থাকার লড়াই থেকে শুরু করে ট্রফি জেতা, ইউরোপে খেলা এবং দুটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ও দুটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা মুহূর্তের অভিজ্ঞতা লাভ করার সৌভাগ্য অর্জন করেছি।
তিনি আরও বলেন, খেলার মাধ্যমে আমি যে মানুষগুলো এবং বন্ধুত্বগুলো গড়ে তুলেছি, সেগুলো আমি চিরকাল লালন করব। ফুটবল আমাকে আমার কল্পনার চেয়েও অনেক বেশি কিছু দিয়েছে তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।
মিলনার লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং লিগ কাপ জেতেন। এছাড়াও সিটির হয়ে জেতেন দুটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং এফএ কাপ ও লিগ কাপ। ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার আগে তিনি ইংল্যান্ডের হয়ে ৬১টি ম্যাচ খেলেন।