✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-৩১, | ২১:৪৫:১২ |আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের জার্সি নম্বর প্রকাশ করেছে ব্রাজিল। তবে ফুটবলপ্রেমীদের কৌতূহল আর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ব্রাজিলের আইকনিক ‘১০’ নম্বর জার্সি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১০ নম্বর জার্সি পেলেন ৩৪ বছর বয়সী তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।
দীর্ঘদিন ইনজুর থাকার কারণে জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। তার দলে জায়গা পাওয়াই প্রায় অনিশ্চিত ছিল। শেষপর্যন্ত সবাইকে অবাক করে দিয়ে জায়গা করে নেন ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে।
তবে জাতীয় দলে দীর্ঘদিন অনুপস্থিতির কারণে এই জার্সি এতদিন ভিনিসিয়ুস জুনিয়রের দখলে ছিল। তবে নেইমার দলে ফিরলে সেটি আবার ফিরিয়ে দেওয়ার কথা ছিল ভিনির। শেষ পর্যন্ত নিজের কথা রেখেছেন তিনি। দলের সবচেয়ে বিখ্যাত এই জার্সিটি তিনি নেইমারের জন্য ছেড়ে দিয়েছেন।
ফলে আগামী বিশ্বকাপে নেইমার ১০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন, আর ভিনিসিয়ুস জুনিয়র খেলবেন ‘৭’ নম্বর জার্সি পরে। এই ৭ নম্বর জার্সিটি ভিনিসিয়ুস তার ক্লাব রিয়াল মাদ্রিদেও পরে থাকেন এবং এর আগেও ব্রাজিলের হয়ে এই নম্বরে খেলেছেন তিনি।
উল্লেখ্য, বিশ্বকাপে ব্রাজিলিয়ান তারকা নেইমারের মোট গোল সংখ্যা ৮টি। তিনি ২০১৪, ২০১৮ এবং ২০২২ এই তিনটি বিশ্বকাপে খেলেছেন।