✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-২০, | ১৯:২৯:৩৮ |রাজধানী ঢাকায় চলতি মে মাসে প্রথমবারের মতো শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। আজ বুধবার এ মৌসুমের প্রথম তাপপ্রবাহের কারণে দিনভর ভ্যাপসা গরমে নাকাল হতে হয়েছে নগরবাসীকে। বিশেষ করে চরম ভোগান্তিতে পড়েছেন রাস্তায় কাজ করা শ্রমজীবী ও সাধারণ মানুষ।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, এবারের প্রচণ্ড গরমের মূল কারণ দিনের তাপমাত্রা নয় বরং রাতের তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি। গত রাতে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যার সরাসরি প্রভাব পড়েছে আজকের দিনের আবহাওয়ায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই দমবন্ধ পরিস্থিতি আরও দুয়েক দিন স্থায়ী হতে পারে।
আজ ঢাকাসহ দেশের মোট সাতটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, কোনো এলাকার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। আজ রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার বাইরে বাগেরহাটে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা আজ দেশের সর্বোচ্চ। এছাড়া যশোর, সাতক্ষীরা, খুলনা, পাবনা ও রাজশাহীতেও ৩৬ ডিগ্রির ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তবে এবারের গরমের প্রধান তীব্রতা অনুভূত হচ্ছে রাতের সর্বনিম্ন তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর কারণে। আবহাওয়াবিদ জানিয়েছেন, মে মাসের এই সময়ে ঢাকার দিনের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হওয়াটা খুব বেশি অস্বাভাবিক নয়। কিন্তু রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি উঁচুতে থাকায় শরীর ঠাণ্ডা হওয়ার সুযোগ পাচ্ছে না, ফলে গরমের অনুভূতি হচ্ছে তীব্র। মে মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি থাকায় এতোদিন গরমের এই রূপ দেখা যায়নি। গত চার দিন ধরে দেশের নানা প্রান্তে তাপপ্রবাহ চললেও রাজধানীতে আজই প্রথম এটি আঘাত হানলো। আগামী অন্তত দুই দিন এই তাপপ্রবাহ এবং ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে।