ইরান যুদ্ধ সব ফ্রন্টে বন্ধের দাবি জানিয়েছে, যার মধ্যে লেবাননও রয়েছে, যেখানে ইরান-সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল। যুদ্ধজনিত ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, ভবিষ্যতে আর হামলা না হওয়ার নিশ্চয়তা এবং ইরানি জ্বালানি তেল বিক্রি পুনরায় শুরুর দাবিও জানিয়েছে তেহরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ আছে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিপরীতে তেহরানের দেয়া জবাব প্রসঙ্গে এ মন্তব্য করলেন তিনি। এতে স্পষ্ট যে বহু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো বড় ধরনের দূরত্ব রয়ে গেছে। খবর রয়টার্স।
ইরান যুদ্ধ সব ফ্রন্টে বন্ধের দাবি জানিয়েছে, যার মধ্যে লেবাননও রয়েছে, যেখানে ইরান-সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল। যুদ্ধজনিত ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, ভবিষ্যতে আর হামলা না হওয়ার নিশ্চয়তা এবং ইরানি জ্বালানি তেল বিক্রি পুনরায় শুরুর দাবিও জানিয়েছে তেহরান।
মধ্যপ্রাচ্যের দেশটি আরো জোর দিয়ে বলেছে, হরমুজ প্রণালির ওপর তাদের সার্বভৌম অধিকার রয়েছে। এ প্রণালি দিয়েই সাধারণত বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। বর্তমানে সেখানে নৌ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে ইরান, যার প্রভাবে ভুগছে পুরো বিশ্বের অর্থনীতি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের জবাব ৭ এপ্রিল থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতির অবস্থানকে হুমকির মুখে ফেলেছে।
ইরানের জবাব প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা আমাদের যে আবর্জনা পাঠিয়েছে, সেটা পড়ার পর বলব যুদ্ধবিরতির অবস্থা এখন সবচেয়ে দুর্বল। আমি পুরোটা পড়াও শেষ করিনি।’
এর আগেও একাধিকবার যুদ্ধবিরতি শেষ করে দেয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প।
সর্বশেষ দফায় যুদ্ধ বন্ধ করার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর ইরানের পারমাণবিক কর্মসূচিসহ আরো বিতর্কিত ইস্যুতে আলোচনা শুরুর পরিকল্পনা ছিল।
অন্যদিকে গতকাল নিজেদের অবস্থানকে বৈধ বলে দাবি করেছে ইরান।
দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো ‘আগ্রাসনের’ জবাব দিতে প্রস্তুত।
মধ্যপ্রাচ্যে অচলাবস্থা অব্যাহত থাকায় জ্বালানির বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। আজ প্রারম্ভিক লেনদেনে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার আদর্শ ব্রেন্টের দাম ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলারের বেশি হয়েছে।
এ জাতীয় আরো খবর..