✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-০৪, | ২২:১২:৩২ |কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে ‘মেরিটাইম কন্ট্রোল জোন’ ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
সোমবার সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ‘স্মার্ট কন্ট্রোল’ ব্যবস্থার সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নতুন এই নিয়ন্ত্রণ জোনের দক্ষিণী সীমা ইরানের মাউন্ট মোবারক থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার দক্ষিণ পর্যন্ত এবং পশ্চিম সীমা ইরানের কেশম দ্বীপ থেকে আরব আমিরাতের উম্ম আল-কুওয়াইন পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।
ইরানের এই ঘোষণার ঠিক একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন। ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালীতে আটকে পড়া বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজগুলোকে মুক্ত করতে সোমবার থেকেই মার্কিন প্রশাসন সেখানে সরাসরি হস্তক্ষেপ করবে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, যেসকল বাণিজ্যিক জাহাজ অবাধে চলাচল করতে ইচ্ছুক, তাদের তারা পূর্ণ সমর্থন ও নিরাপত্তা প্রদান করবে। মার্কিন প্রেসিডেন্টের এই দাবি ও সামরিক তৎপরতাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
এদিকে ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্রসহ কোনো বিদেশি সামরিক বাহিনী যদি হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করে, তবে তাদের ওপর সরাসরি হামলা চালানো হবে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান নিজের সক্ষমতা দিয়ে এই প্রণালীর নিরাপত্তা রক্ষা করবে। একইসঙ্গে তিনি বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারগুলোকে সতর্ক করে বলেছেন, যথাযথ ইরানি কর্তৃপক্ষের সাথে সমন্বয় ছাড়া এই পথ দিয়ে যাতায়াত করলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
সূত্র: তাসনিম