যাত্রা শুরু তথা উড্ডয়নের আগে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে বিমানবন্দরেই আর্জেন্টিনার এক ফুটবলারকে গ্রেপ্তার করা হয়েছে। দলটি আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে আগ্রোপেকুয়ারিওর বিপক্ষে দ্বিতীয় বিভাগের নবম রাউন্ডের ম্যাচ খেলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই এই ঘটনা ঘটে।
হুমকির পরপরই বিমানবন্দরের নিরাপত্তা প্রটোকল চালু করা হয়। বিশেষায়িত বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল বিমান ও সংশ্লিষ্ট স্থাপনা তল্লাশি চালায়। তবে কোনো বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়নি।
কোনো বিস্ফোরক ডিভাইস পাওয়া না গেলেও উদ্ভুত পরিস্থিতিতে সাময়িক সময়ের জন্য বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটে। সৃষ্টি হয় বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা। এতে যাত্রীদের যাত্রাপথ ও ম্যাচের প্রস্তুতিও বিঘ্নিত হয়।
গ্রেপ্তার হওয়া ফুটবলার হলেন এমিলিয়ানো এন্দ্রিজ্জি, যিনি হিমনাসিয়া ই এসগ্রিমা দে হুহুই-এর ডিফেন্ডার। গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে তার দলের সঙ্গে যাওয়ার কথা ছিল।
২০২৩ সাল থেকেই ৩২ বছর বয়সী এই লেফট-ব্যাক ক্লাবটির হয়ে খেলছেন এবং হয়ে উঠেছেন দলের রক্ষণভাগের অন্যতম ভরসা। ফলে তার এই পরিস্থিতির প্রভাব দলের পারফরম্যান্সেও পড়তে পারে।
বর্তমানে দলটি প্রিমেরা নাসিওনালে খেলছে এবং প্রমোশনের প্লে-অফে জায়গা পাওয়ার লড়াইয়ে আছে, তাই প্রতিটি ম্যাচই তাদের জন্য গুরুত্বপূর্ণ।
বিমানবন্দরের ঘটনাটি এখনও তদন্তাধীন। আর্জেন্টিনায় এ ধরনের বোমা হামলার হুমকি ‘জনসাধারণকে আতঙ্কিত করার’ অপরাধ হিসেবে গণ্য হয়, যার ফলে ফৌজদারি মামলা, অর্থদণ্ড বা আইনি নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এছাড়া ক্রীড়াঙ্গনেও ক্লাব ও লিগ কর্তৃপক্ষ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নিতে পারে।
এ জাতীয় আরো খবর..