সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ ট্রাক জব্দ, আটক ৫

সাতক্ষীরায় জব্দ করা যমুনা পেট্রোলিয়ামের লোগো লাগানো ৭ হাজার লিটার পেট্রোলবাহী ট্রাক। ছবি: সংগৃহীত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩০, | ১৮:৫৪:৪৮ |
সাতক্ষীরায় অবৈধভাবে পরিবহনের সময় সাত হাজার লিটার পেট্রোলসহ যমুনা পেট্রোলিয়ামের লোগো লাগানো একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক এবং ওই পেট্রোলের দাবিদার চার ডিলারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার (৩০ মার্চ) ভোররাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে সাতক্ষীরা সদর উপজেলার গাভা এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। আটক ট্রাকচালকের নাম মো. রিপন শেখ (৩৮)। তিনি খুলনা জেলার খালিশপুর এলাকার ইসমাইল শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে সদরের গাভা এলাকায় ট্রাকটিকে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশ ট্রাকটির বৈধ কাগজপত্র দেখতে চাইলে চালক তা দেখাতে ব্যর্থ হন। পরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে সাত হাজার লিটার পেট্রোলসহ ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয় এবং চালককে আটক করা হয়।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, জব্দ করা ট্রাকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আটক চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এদিকে, সোমবার বিকেলে জব্দ করা সাত হাজার লিটার পেট্রোলের দাবিদার চার ডিলারকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেয়া হয়। তারা হলেন- মেসার্স ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম, মেসার্স আলেয়া অয়েল সাপ্লাইয়ের মো. ইউনুস আলী মৃধা, মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের ইউসুফ আলী এবং মেসার্স এম এ জলিল এন্টারপ্রাইজের মো. জলিল।
 
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, ‘যমুনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, ওই পেট্রোল তাদের ওখান থেকে বের হয়নি। এ কারণে পেট্রোলের দাবিদার ওই চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..