আমার সন্তানরা টেস্ট দেখে না, আইপিএল দেখে : পিটারসেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৭, | ১৯:২০:১৫ |
একদিন পরই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তার আগে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন জানালেন, এই টুর্নামেন্ট কীভাবে তার জীবন বদলে দিয়েছিল।

সম্প্রতি জস বাটলারের পডকাস্ট ‘ফর দ্য লাভ অফ ক্রিকেট’-এ তিনি স্পষ্ট জানিয়েছেন, আইপিএলই বিশ্বের সেরা লিগ।

২০০৯ ও ২০১০ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ছিলেন পিটারসেন। সেই সময় রাহুল দ্রাবিড়ের সঙ্গে ভালো সময় কাটিয়েছিলেন তিনি। বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে খেলতে অস্বস্তিতে ছিলেন পিটারসেন। তার সেই দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করেন দ্রাবিড়।

কঠিন সময়ে দ্রাবিড়ের কাছে সাহায্য চেয়েছিলেন পিটারসেন। দ্রাবিড় তাকে হতাশ করেননি। সে ঘটনা স্মরণ করে পিটারসেন বলেন, “বাঁহাতি স্পিনের বিরুদ্ধে যখন সমস্যা হচ্ছিল, সেই সময় দ্রাবিড়ের সঙ্গে সম্পর্ক এবং ওর সাহায্য নেওয়া আমার ক্যারিয়ার বদলে দিয়েছিল। ততক্ষণে ডিআরএস এসে গিয়েছিল। আমি সামনের পায়ে খেলতাম। ফলে প্রায় ১২ মাস সমস্যায় পড়েছিলাম। সেই সময় দ্রাবিড়কে ফোন করে বলেছিলাম, ‘তোমার সাহায্য লাগবে।’



তাকে ইমেইলে বিস্তারিত সমাধান দিয়েছিলেন দ্রাবিড়। পিটারসেন বলেন, “ও আমাকে যে ইমেইল পাঠিয়েছিল, তা এক কথায় অসাধারণ। ও সত্যিই কিংবদন্তি। আমি আরও একবার দ্রাবিড়কে ধন্যবাদ দেব। আমার ক্যারিয়ার বদলে দিয়েছে ও।”

বর্তমানে ক্রিকেটবিশ্বে আইপিএলের কতটা প্রভাব, তা ব্যাখ্যা করেছেন পিটারসেন। তার মতে, ক্রিকেটাররা টাকা পান। তাতে ক্ষতির তো কিছু নেই। পিটারসেন বলেন, “ক্রিকেটে টাকা নিয়ে অনেক কথা হয়। অনেকে বাঁকা চোখে দেখে। কিন্তু টাকা তো দরকার। আমি তো ব্যবসায়ী। তুমিও (বাটলারের দিকে তাকিয়ে) তো ব্যবসায়ী। এটা শুনতে হয়তো ভালো লাগবে না। কিন্তু এটাই সত্যি।”

পিটারসেন জানিয়েছেন, আইপিএল নিয়ে আগ্রহ বিশ্বের সব দলে রয়েছে। আর কোনও লিগ নিয়ে এই আগ্রহ নেই। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার বলেন, “সব দলের ড্রেসিংরুমে আইপিএলের নিলাম হলে কথা হয়। এটাই স্বাভাবিক। আমার তো আফসোস হয়, এখন খেলি না। খেললে অনেক বেশি টাকা কামাতাম। আমার দুই সন্তান টেস্টের একটা বলও দেখে না। কিন্তু আইপিএল দেখে।”

আইপিএল খেলার জন্য জাতীয় দলকে অবহেলা করেছিলেন পিটারসেন। সেই সময় তার কম সমালোচনা হয়নি। যদিও তিনি জানতেন, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।

পিটারসেন বলেন, “দেশের হয়ে খেলা ছেড়ে যখন আরসিবিতে গিয়েছিলাম, সবাই বলেছিল পিটারসেন টাকার পেছনে ছুটছে। আমি নিশ্চিত, যারা সেই সময় আমার সমালোচনা করেছিল, তারাও জানত আমিই ঠিক।ক্যালিসকে চোখের সামনে অনুশীলন করতে দেখেছি। উহ! আমাকে কেউ ৫০ হাজার ডলার দিয়ে যদি সৌদির লিগে খেলতে বলে তো খেলব। এতে তো খারাপ কিছু নেই।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..