জার্মানিজুড়ে ঈদুল ফিতর উদযাপন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২০, | ২২:৩৮:০২ |
ব্যাপক আনন্দ ও উৎসবের মধ্যদিয়ে সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্কসহ বিশ্বের নানা দেশের সঙ্গে মিল রেখে জার্মানিতেও আজ শুক্রবার (২০ মার্চ) উদযাপন করা হয়েছে মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

এই উপলক্ষে দেশটির রাজধানী বার্লিন ও মাইনজসহ দেশটির নানা শহরের বাংলাদেশি কমিউনিটির মসজিদগুলোতে তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানী বার্লিনের পুরনো বিমানবন্দর টেম্পেলহফার মাঠে।

 
স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার এই জামাতে ছিল সর্বস্তরের মুসল্লিদের ভিড়। জামাতে মুসলিম বিশ্বের শান্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া করা হয়।

 
এছাড়া মাইনজের প্রবাসীদের আল তাকওয়া জামে মসজিদ বার্লিন নগরীর ভেডিংয়ের প্রবাসীদের তৈরি দারুল ইহসান, আল উম্মাহ মসজিদ এবং নয়াকোলনের বায়তুল মোকাররম মসজিদেও ছিল বেশ কয়েকটি ঈদ জামাত।
 
সেখানে ঈদের নামাজ আদায় করেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন। এ সময় তিনি সর্বস্তরের সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রবাসী সবার খোঁজ খবর নেন।
 
সবগুলো ঈদ জামাতে মধ্য প্রাচ্যের বেশ কয়েকটি দেশ ছাড়াও আফ্রিকার মুসল্লিদের সাথে অংশ নেন সর্বস্তরের প্রবাসী নারীপুরুষসহ নানা শ্রেণি-পেশার বাংলাদেশিরাও।
 
জামাত শেষে প্রবাসীরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গল কামনা করে দোয়া করা হয় জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীসহ সর্বস্তরের প্রবাসীদের জন্যও। সবার মাঝে বিতরণ করা হয় ঈদের খাবার। বেশিরভাগ প্রবাসীই দেশে থাকা স্বজনদের সাথে মোবাইলে ফোন করে কুশল বিনিময় করেন।
 
সৌদি আরবের সাথে মিল রেখে ইউরোপের উত্তর পশ্চিমের দেশ আয়ারল্যান্ডেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মুসলমান সম্প্রদায়ের সর্ববৃহত উৎসব ঈদ-উল-ফিতর। সকাল সাতটা থেকে ৯টা পর্যন্ত বিভিন্ন কাউন্টিতে আদায় করা হয় ঈদের নামাজ।
 
নামাজ শেষে বিশ্ব শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। একে অপরের সাথে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিভিন্ন মসজিদে নামাজ শেষে মিষ্টি খেয়ে দিন শুরু করেন।
 
ইতালিতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। রাজধানীর রোমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় পিয়াচ্ছা ভিত্তোরিও পার্কে। এখানে বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন।
 
এবারও ইতালিতে কমপক্ষে ৫০ টি স্থানে খোলা মাঠে ঈদের নামাজ ছাড়াও বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কর্ম দিবসে ঈদ হওয়াতে অনেকেই নামাজ শেষে ছুটে যান কর্ম স্থলে। প্রতিটি ঈদের জামাতে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়। খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া জানান প্রবাসী বাংলাদেশিরা।
 
প্রতিটি ঈদের জামাতের বিশেষ মোনাজাতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের আবেদন জানিয়ে আল্লাহর দরবারে পানাহ মুসল্লিরা। এবার লাতিনার তেরেসিনায় খোলা মাঠে ঈদের বৃহৎ নামাজ অনুষ্ঠিত হয়। এখানে স্থানীয় মেয়রসহ ইতালীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..