বিশ্বকাপ খেলা চীনের অভিজ্ঞতায় ঋদ্ধ ঋতুপর্ণা, অভিষেকে বর্ণিল মিলি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৩, | ২৩:১৪:১৫ |
নারী এশিয়ান কাপে চীন ২-০ গোলে বাংলাদেশকে হারিয়ে শুভ সূচনা করেছে। চীন দুই গোল করলেও ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল বাংলাদেশের ঋতুপর্ণা চাকমার দুরপাল্লা শটে গোলের প্রচেষ্টা। ম্যাচ শেষে হোটেলে ফেরার পথে ঐ শট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ঋতুপর্ণা। 


বাংলাদেশ নারী ফুটবল দলে সবচেয়ে তারকা ফুটবলার বলেন, 'ওটা আসলে গোল হলে আমার জীবনের অন্যতম সেরা গোল হিসেবে মনে রাখতাম।' ঋতুর জোড়া গোলেই মূলত মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপ খেলার সুযোগ পেয়েছে। নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ চীনের কাছ থেকে অনেক কিছু শিখেছেন ঋতুপর্ণা, 'সব মিলিয়ে আমরা আসলে লাকি যে আমরা চায়না টিমের সাথে খেলতে পেরেছি। তারা ৯বারের চ্যাম্পিয়ন এবং বিশ্বকাপে খেলার মতো অভিজ্ঞতা আছে তাদের। এমন শক্তিশালী দলের সাথে খেলতে পেরে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। সব মিলিয়ে ভালো লাগছে।'

বাংলাদেশ ও চীনের মধ্যে পার্থক্য যোজন যোজন৷ অনেকের ধারণা ছিল বাংলাদেশ এই ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হবে। মাঠে দেখা যায় বিপরীত চিত্র। এ নিয়ে ঋতুর প্রতিক্রিয়া, 'আমরা বাংলাদেশ থেকে একটা লক্ষ্য নিয়েই আসছি যে, প্রতিটি ম্যাচ ধরে ধরে যে যার পজিশনে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং আজ আমরা আমাদের সেরাটাই দিয়েছি। অবশ্যই এই ম্যাচটি আমাদের আগামী ম্যাচের জন্য আত্মবিশ্বাস বাড়াবে।'


আজকের ম্যাচে বড় আকর্ষণ বাংলাদেশ দলে গোলরক্ষক মিলি আক্তার। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা নেই। আজ এশিয়া কাপের মতো আসরে চীনের বিপক্ষে নেমেই দুর্দান্ত খেলেছেন। নিজের পারফরম্যান্সের জন্য কোচিং স্টাফকে ধন্যবাদ দিচ্ছেন মিলি, 'প্রথমে ধন্যবাদ দেব আমাদের কোচিং স্টাফদের। উনাদের জন্যই হয়তো নিজের পারফরম্যান্সটা দেখাতে পেরেছি। '


ম্যাচের শুরুর দিকে খানিকটা নার্ভাস ছিলেন মিলি। খেলা যত গড়িয়েছে তত থিতু হয়েছেন। দুই গোল হজম নিয়ে মিলি বলেন, 'এটা আমার লাইফের ইন্টারন্যাশনাল ফার্স্ট ম্যাচ তো, প্রথমে একটু ভয় কাজ করছিল, পরে ঠিক হয়ে গেছে। আমি কনফিডেন্স নিয়ে খেলছি অনেক। এটা আমাদের মিস্টেক হইছে যে গোলটা হইছে। আমাদের একটু ঘাটতি হইছে, এটা নেক্সট ম্যাচে আমরা ওভারকাম করব।'

জাতীয় দলে সিনিয়র গোলরক্ষক রুপ্না৷ তার জায়গায় আজ খেলেছেন মিলি। দলে জায়গা পেতে প্রতিদ্বন্দ্বীতা থাকলেও রুপ্নার প্রতি তার শ্রদ্ধা অনেক, 'হ্যাঁ, উনি অনেক সিনিয়র, আমি উনারে অনেক রেসপেক্ট করি, উনারে ফলো করি আমি। লড়াই করছি দেখেই তো আজকে সুযোগ পেয়েছি।'

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..