মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের ফলে আঞ্চলিকভাবে বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বাতিল করা হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। এ অবস্থায় মঙ্গলবার (৩ মার্চ) থেকে লাহোর ও করাচি অঞ্চলে বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা আংশিকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, আজ (৩ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ৩টা (গ্রিনিচ মান সময় ভোর ৪টা থেকে সকাল ১০টা) পর্যন্ত করাচি ও লাহোর অঞ্চলে ফ্লাইট চলাচলের নির্দিষ্ট রুট সাময়িকভাবে বন্ধ থাকবে।
পরিচালনাগত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, পাকিস্তানের বিভিন্ন শহর ও মধ্যপ্রাচ্যের গন্তব্যের মধ্যে চলাচলকারী ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখন পর্যন্ত ইরানে প্রায় ৭৮৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার (৩ মার্চ) সংস্থাটি প্রাণহানির হালনাগাদ এ তথ্য প্রকাশ করে।
তাদের দাবি, এই সংখ্যা আগের মানবিক ত্রাণ সংস্থাগুলোর হিসাবের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।
এ জাতীয় আরো খবর..