ইরানে মৃত্যু সাড়ে পাঁচশ ছাড়িয়েছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০২, | ১৫:৩৩:৫৬ |
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় অন্তত ৫৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। এর মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরের কেবল একটি স্কুলেই মারা গেছে প্রায় দুইশজন।

সোমবার (২ মার্চ) রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইরানের অন্তত ১৩১টি শহর আক্রান্ত হয়েছে।

রেড ক্রিসেন্টের মানবিক মিশনের নেতৃত্বে ত্রাণ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে এবং সারাদেশে এক লাখেরও বেশি সাড়াদানকারী সদস্য পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে।

বর্তমানে প্রায় ৪০ লাখ স্বেচ্ছাসেবকের একটি নেটওয়ার্ক মানবিক সেবা, সহায়তা এবং মানসিক-সামাজিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে: কুয়েত
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সোমবার সকালে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে ক্রুরা নিরাপদ আছেন।

মন্ত্রণালয়টির দাপ্তরিক মুখপাত্র কর্নেল সৌদ আল আতওয়ান জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয় আর ক্রুদের সরিয়ে নিয়ে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়।

ক্রুদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তিনি; খবর গাল্ফ নিউজের।

আতওয়ান আরও জানান, কুয়েতের কর্তৃপক্ষ ঘটনাগুলোর পরিস্থিতি নির্ধারণে সরাসরি মার্কিন বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করছে এবং যৌথ প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পন্ন করছে। তদন্ত চলমান আছে আর জনসাধারণকে তথ্যের জন্য সরকারি সূত্রগুলোর ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।

চীনা নাগরিক নিহত
মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, তেহরানে অন্তত একজন চীনা নাগরিক নিহত হয়েছে। তিনি বলেন, “সবচেয়ে জরুরি কাজ হলো সামরিক অভিযান বন্ধ করা এবং সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকানো।”

সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..