আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো আইভীকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৭, | ২২:৪০:১৪ |
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা আরো একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সত্যতা নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে পুলিশ আদালতের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানার নম্বর ৪১ মামলায় আইভীকে এই শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। ২০২৪ সালের ৩০ জুলাই কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন।


মামলায় অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত সহিংসতার ঘটনায় আগুনে পুড়ে নিহত হয় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল। মামলাটি তদন্ত করছেন সিদ্ধিরগঞ্জ থানার  উপ-পরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ। তিনি এই মামলায় তদন্তে সাবেক মেয়র আইভীর সম্পৃক্ততা থাকার অভিযোগে আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করেন। বিষয়টি আদালত গ্রহণ করে আইভীকে গ্রেপ্তার দেখান।


অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, বর্তমানে আইভী কারাগারে থাকায় আদালতের নির্দেশে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..