কক্সবাজারের মহেশখালী-কুতুবদিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের একটি গাড়ির চাপায় এক শিশু নিহত হয়েছে। এ সময় আরো ৩ জন আহত হয়েছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় চকরিয়ার বদরখালীর আহমদ কবিরের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুবদিয়া দ্বীপ থেকে মহেশখালী দ্বীপে ফেরার পথে সাংসদ আলমগীর ফরিদের গাড়িবহরটি চকরিয়া উপজেলার বদরখালীর ওই এলাকা অতিক্রম করছিল।
এ সময় বহরের ৩ নম্বর গাড়িটি একটি শিশুকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে শিশুটিকে উদ্ধার করে দ্রুত বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাড়িবহরে থাকা শিক্ষক ও স্থানীয় সংবাদকর্মী ফারুক ইকবাল জানান, মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলমগীর ফরিদ নির্বাচন-পরবর্তী তার নির্বাচনী এলাকা কুতুবদিয়া সফরে যান।
সেখান থেকে ফেরার পথে বদরখালী প্রধান সড়কে শিশুটি বহরে থাকা একটি গাড়ির ধাক্কায় মারা যায়।
নিহত শিশুটির নাম খালেদ বিন ওয়ালিদ (৮) বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকার প্রবাসী আমান উল্লাহর ছেলে। শিশুটি স্থানীয় একটি নুরানি মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
এই বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, এমপির গাড়িতে নয়, তার বহরে থাকা একটি গাড়ির ধাক্কায় বদরখালীর এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
এ জাতীয় আরো খবর..