দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন–সংগ্রাম ও নির্বাসনের অধ্যায় পেরিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক মোড় নিতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
নির্বাচন ঘিরে শোবিজ অঙ্গনেও উত্তেজনা ছিলো তুঙ্গে। দেশের সামাজিক, রাজনৈতিক যেকোনো ইস্যুতে বরাবরই সরব আজমেরী হক বাঁধন। বিএনপির এই ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিএনপির বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নিজের দুইটি ছবি পোস্ট করেন বাঁধন।
পোস্টে তিনি লেখেন, ‘এটা আমাদের সবার জন্যই গর্বের মুহূর্ত। সাব্বাস, বাংলাদেশ। কী এক নির্ঘুম রাত কেটেছে আর আজ সকালটা কত সুন্দর, কতটা স্বস্তির। নিজেকে ভীষণ কৃতজ্ঞ, পরিপূর্ণ আর গর্বিত মনে হচ্ছে।’
নির্বাচিত দলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘যারা জিতেছেন, তাদের আন্তরিক অভিনন্দন। আর যারা জিততে পারেননি, তাদের বলি এই অভিজ্ঞতাও এক ধরনের জয়। এটাই আমাদের দেশ। সম্মান আর ঐক্যের সঙ্গে আমাদের সামনে এগোতে হবে এটাই মূল লক্ষ্য।’
বাঁধনের বোরখা পড়া ছবি
পোস্টে নিজের বোরখা পড়া ছবি নিয়ে তিনি বলেন, ‘ছবিটা বিশেষ করে তাদের জন্য যারা আমাকে বলেছিল ‘বোরখা কিনে নাও।’ বলে রাখি, ছোটবেলা থেকেই আমি নিয়মিত বোরখা পরি। আমার কাছে এটা শুধু একটা পোশাক এর বেশি কিছু না, কমও না। ব্যাপারটা একেবারেই সাধারণ।’
মানুষের সমালোচনা নিয়ে তিনি বলেন, ‘যারা ট্রল করেছে, কটু কথা বলেছে বা বুলিং করার চেষ্টা করেছে এটা তাদের জন্যই।’
পোস্টে গ্ল্যামারাস লুকে এই শাড়ি পড়া ছবিটি শেয়ার করেন বাঁধন
এদিকে, নির্বাচনের আগে বিএনপি স্পষ্ট করে জানিয়েছিল, দল ক্ষমতায় গেলে তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। সেই ঘোষণার বাস্তব রূপ মিলেছে এবারের নির্বাচনে। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ দুটি আসনেই জয়লাভ করেন তিনি। দীর্ঘদিন পর দেশের রাজনীতির মূল মঞ্চে তার এই প্রত্যাবর্তন বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।