ব্যবধান ৬ পয়েন্ট নিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করল আর্সেনাল। বিবর্ণ ফুটবল খেলে ব্রেন্টফোর্ডের মাঠে পয়েন্ট হারাল মিকেল আর্তেতার দল।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বৃহস্পতিবার ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ননি মাদুয়েকের গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর ব্রেন্টফোর্ডকে সমতায় ফিরিয়েছেন কিন লুইস-পটার।
প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রাখলেও গোলের জন্য কেবল সাতটি শট নিতে পারে আর্সেনাল, এর দুটি ছিল লক্ষ্যে। অন্য দিকে ব্রেন্টফোর্ডের ১১ শটের তিনটি ছিল লক্ষ্যে।
২৬ ম্যাচে ১৭ জয় ও ছয় ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ৫৭। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। ৪০ পয়েন্ট নিয়ে সাতে আছে ব্রেন্টফোর্ড।
প্রতিপক্ষের মাঠে দশম মিনিটে প্রথম সুযোগ পায় আর্সেনাল। ডেক্লান রাইসের ক্রসে হেড লক্ষ্য রাখতে পারেননি গাব্রিয়েল মাগালিয়াইস।
২২তম মিনিটে ব্রেন্টফোর্ডকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পান ইগো চিয়াগো। তবে তার হেড চমৎকার দক্ষতায় ব্যর্থ করে দেন আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া।
বল দখলে বেশ এগিয়ে থাকলেও গোলের পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না আর্সেনাল। প্রথমার্ধে কোনো শট লক্ষ্যে রাখতে পারেনি তারা।
৬১তম মিনিটে প্রথম তাদের কোনো চেষ্টা থাকে লক্ষ্যে। পিয়েরো ইনকাপিয়ার চমৎকার ক্রসে দারুণ হেডে জাল খুঁজে নেন মাদুয়েকে। তিন মিনিট পর কর্নার থেকে হেড একটুর জন্য লক্ষ্যে রাখতে পারেননি ব্রেন্টফোর্ডের লুইস-পটার।
৬৭তম মিনিটে প্রতি আক্রমণ থেকে চিয়গোর শট ফের ঠেকিয়ে দেন রায়া। চার মিনিট পর আর পারেননি তিনি। থ্রো-ইন থেকে সেপ ফন ডেন বের্গের ফ্লিকে চমৎকার হেডে জাল খুঁজে নেন লুইস-পটার। সমতা ফিরিয়েই মাঠ ছাড়েন তিনি।
৮৮তম মিনিটে ব্রেন্টফোর্ডকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করেন চিয়াগো। ক্রিস্তিয়ান মসকেরাকে কাটিয়ে এগিয়ে যান তিনি। কিন্তু শট না নিয়ে গতি কমিয়ে দেন চিয়াগো, সেই সুযোগ ফিরে এসে চমৎকার ট্যাকলে বল কেড়ে নেন মসকেরা!যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারেন চিয়াগো। পরের মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির শট দুর্দান্ত দক্ষতায় হাত বাড়িয়ে কোনোমতে ঠেকান ব্রেন্টফোর্ড গোলরক্ষক। নষ্ট হয় আর্সেনালের সুবর্ণ সুযোগ।
এ জাতীয় আরো খবর..