‘আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহতালার রহমতে আমরা সরকার গঠন করলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। কিন্তু সকল দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষকে নিয়ে দেশ পুনর্গঠন করতে হবে।’
আজ সোমবার (২ জানুয়ারি) দুপুরে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে প্রভাতী স্কুল মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি বিশ্বাস করে, শুধু কথার ফুলঝুরি নয়, দেশকে সামনের দিকে নিতে হবে।
গত ১৫-১৬ বছর বহু নেতাকর্মী খুন-গুম ও হত্যার শিকার হয়েছেন। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের লক্ষ লক্ষ নেতাকর্মী গায়েবি মামলায় অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে। তার পরও বাংলাদেশের মানুষ ২০২৪ সালে জুলাই-আগস্ট মাসে দল-মত নির্বিশেষে রাজপথে নেমে স্বৈরাচারকে এই দেশ থেকে বিদায় করেছে।
২৬ মিনিটের বক্তৃতায় তারেক রহমান বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ রাজনৈতিক অধিকার অর্থাৎ ভোটের অধিকার পায়নি।
শুধু জাতীয় নির্বাচনের ক্ষেত্রেই নয়, স্থানীয় নির্বাচনেও একই ঘটনা ঘটতে দেখা গেছে। কেউ কথা বলার চেষ্টা করলে, আমরা দেখেছি কীভাবে রাতের অন্ধকারে খুন-গুম হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে। আজ সময় এসেছে। বাংলাদেশের মানুষকে যে অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করা হয়েছিল, তা আগামী ১২ তারিখ সেই অধিকার প্রয়োগ করবে।
অতীতের রাষ্ট্র পরিচলনার অভিজ্ঞতার কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, অতীতেও আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলাম। একইভাবে আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহতালার রহমতে আমরা সরকার গঠন করলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। কিন্তু সকল দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষকে নিয়ে দেশ পুনর্গঠন করতে হবে। তিনি বলেন, যাদের কাছে মানুষের মূল্যয়ন নেই, আত্মসম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না।
তারেক রহমান বলেন, এই দেশে জনসংখ্যা প্রায় ২০ কোটি। এই ২০ কোটির মধ্যে অন্তত ১০ কোটি নিয়ে এদেশের নারী সমাজ, অর্থাৎ জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে আমরা যতোই বড় কথা বলি না কেন; যতো পরিকল্পনা করি না কেন -দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব না। কোনভাবেই সম্ভব নয়, দেশকে পুনর্গঠন করা। এজন্যই দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে স্কুলপর্যায় থেকে কলেজ পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন, যাতে এই বিশাল জনশক্তি শিক্ষার আলোয় আলোকিত হতে পারে, নিজেদের পায়ে দাঁড়াতে পারে।
খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা।
এর আগে সোমবার সকাল ১১টায় পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। খুলনায় এটি তারেক রহমানের চতুর্থ সফর। সবশেষ ২০০৪ সালে খুলনা এসেছিলেন তিনি।
এ জাতীয় আরো খবর..