✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৩, | ১১:১৬:০৩ |সুদান ও মিশরের সীমান্তবর্তী বিরোধপূর্ণ জবল আল-উকাইদাত এলাকায় একটি স্বর্ণখনিতে সন্দেহভাজন বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক শ্রমিক নিহত হয়েছেন। সুদানের অধিকার গোষ্ঠী ইমার্জেন্সি লয়ার্স’র তথ্য অনুযায়ী, গত শনিবার সংঘটিত এই হামলার পেছনে মিশরের সামরিক বাহিনী রয়েছে। তবে এ বিষয়ে মিশরীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
চলতি বছরে ওই পার্বত্য অঞ্চলে এটি দ্বিতীয় বড় হামলা। এর আগে গত জুনে একই এলাকায় বিমান হামলায় ২৩ জন শ্রমিক নিহত হয়েছিলেন। তখন মিশর জানিয়েছিল, তারা নিজেদের ভূখণ্ডের ভেতরে অবৈধ স্বর্ণখনির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে।
তবে বর্তমান হামলাটি সুদানি ভূখণ্ডের ভেতরে ঘটেছে বলে অধিকার গোষ্ঠীটি দাবি করেছে।
উল্লেখ্য, সুদান ও মিশরের মাঝে হালাইব ট্রায়াঙ্গেলসহ সীমান্ত এলাকাটি দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ এবং খনিজসম্পদে সমৃদ্ধ। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে চলমান গৃহযুদ্ধের কারণে চরম অর্থনৈতিক সংকটে পড়া সাধারণ মানুষ জীবিকার তাগিদে এই বিপজ্জনক পেশায় ঝুঁকতে বাধ্য হচ্ছে। সীমান্ত অঞ্চলটি অবৈধ বাণিজ্য ও চোরাচালানের কেন্দ্র হওয়ায় মিশরও সেখানে নিরাপত্তা জোরদার করেছে।