রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। ৭ তলা ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে। ভবনটি থেকে ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে । নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ। ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখার কর্মকর্তা তালহা বিন জসিম জানান, উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের বাড়িটিতে আগুন লাগার ঘটনা ঘটে। দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। আগুনে পুড়ে তিনজন নিহত হয়েছেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ১৩ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
এ আগুনে এত হতাহত কেন—এমন প্রশ্নের জবাবে তালহা বিন জসিম বলেন, ঘরে প্রচুর আসবাব ছিল। সেগুলোতে আগুন লেগে যায়। আগুন তাই দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন–৩ এর উপ সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুন দ্বিতীয় তলায় লেগে তা তিনতলা পর্যন্ত ছড়িয়ে যায়।
সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ১০টার দিকে পুরোপুরি নিভেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।
এ জাতীয় আরো খবর..