ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৮, | ১৮:৪২:৩৫ |

এবারের বিশ্বকাপে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি ছিল রেফারিং। ফাইনালের আগে ঘুরেফিরে আবারও সেই রেফারিং ইস্যুতে সরব হয়েছেন কোচ, খেলোয়াড়রা। বার্সেলোনার প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা নিরপেক্ষভাবে রেফারি দায়িত্ব পালন করলে স্পেন জয়ী হবে বলে জানিয়েছেন।

অন্যদিকে ইয়ামালদের কোচ ইস দে লা ফুয়েন্তে ম্যাচ অফিসিয়ালদের পুরো ম্যাচে নিয়মের মধ্যে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। এমন পরিস্থিতিতে স্পেনের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে এ বিষয়ে সরব হয়েছেন। তিনি দাবি করেন, আর্জেন্টিনা প্রতিপক্ষের ওপর নিজেদের ছাপ ফেলতে (আঘাত করতে) পছন্দ করে। তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক ম্যাচগুলোতে তাদের এমন আচরণ ‘ফুটবলে মেনে নেওয়া উচিত নয়’।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের হতে যাওয়া এই ম্যাচটি ১৯৬৬ সালের পর বিশ্বকাপে এই দুই দেশের মধ্যে প্রথম সাক্ষাৎ। গত চারটি আসরের মধ্যে তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পথে আর্জেন্টিনা বেশ শারীরিক শক্তি-নির্ভর বা কঠোর খেলার কৌশল অবলম্বন করেছে। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে তাদের সেমিফাইনাল জয়ের ম্যাচে বিষয়টি স্পষ্ট ছিল।

ম্যাচের শুরুর তিন মিনিটেই তিনটি কঠোর ট্যাকল বা ফাউলের ​​ঘটনা ঘটেছিল। ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডার লাপোর্তে বলেন, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তা সামলানো রেফারির দায়িত্ব। যদি এক বা দুজন খেলোয়াড়কে এমন আচরণ করার সুযোগ দেওয়া হয়, তবে ম্যাচটি বিশৃঙ্খল পরিস্থিতির দিকে গড়ায়।

৩২ বছর বয়সী এই খেলোয়াড় আরও বলেন, ফুটবলের প্রেক্ষাপটে আগ্রাসী মনোভাব নিয়ে আমার কোনো সমস্যা নেই। যদি তা নিয়মের মধ্যে থাকে এবং রেফারি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তবে আমার কোনো আপত্তি নেই। তবে এটা সত্য,সাম্প্রতিক ম্যাচগুলোতে আমরা এমন কিছু ঘটনা দেখেছি যা সত্যিই আমাদের অবাক করেছে। এমন সব আচরণ যা কোনো শাস্তি ছাড়াই পার পেয়ে গেছে।

তিনি আরও বলেন, বিশেষ করে আর্জেন্টিনার ক্ষেত্রে। তারা এমন একটি দল যারা প্রতিপক্ষের ওপর নিজেদের ছাপ ফেলতে (আঘাত করতে) পছন্দ করে। বিশেষ করে বড় কোনো প্রতিযোগিতায় এ ধরনের বিষয়কে প্রশ্রয় দেওয়া উচিত নয়; কারণ এতে খেলোয়াড়দের মনোযোগ বিঘ্নিত হতে পারে এবং তারা ক্ষুব্ধ হয়ে উঠতে পারেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..