✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-১৫, | ১৮:০৬:৪৫ |বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর ফ্রান্সের বিভিন্ন শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজধানী প্যারিস ও লিঁও শহরে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনায় ১৬০ জনের বেশি মানুষকে আটক করেছে পুলিশ।
ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভি জানিয়েছে, শুধু প্যারিস ও আশপাশের এলাকাতেই ১৪১ জনকে আটক করা হয়েছে। ম্যাচ শেষে বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালায়।
পুলিশের ভাষ্য, আটক হওয়া বেশির ভাগ মানুষের বিরুদ্ধে আতশবাজির গোলা ছুড়ে পুলিশ সদস্য ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে। তবে এসব ঘটনার মধ্যে কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এদিকে লিঁও শহরের কেন্দ্রীয় চত্বরে কয়েকশ মানুষ বড় পর্দায় সেমিফাইনাল ম্যাচটি দেখছিলেন। ম্যাচ শেষে স্পেনের জয় নিশ্চিত হলে কয়েকটি ছোট দল সেখানে জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ও আতশবাজি নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত দাঙ্গা দমন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় প্রায় ২০ জনকে আটক করা হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিদের জন্ম ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে। অর্থাৎ তাদের মধ্যে অনেকেই অল্পবয়সী। লিঁওতেও সংঘর্ষের ঘটনায় কেউ গুরুতর আহত হননি। বড় ধরনের কোনো সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে প্রশাসন।
বিশ্বকাপ থেকে ফ্রান্সের বিদায়ের পর এমন পরিস্থিতি সামাল দিতে দেশটির নিরাপত্তা বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করেছে।