✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-০৪, | ১৪:৩২:২১ |ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক মানুষের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার। আগত তীর্থযাত্রী ও শোকাহত মানুষের অস্থায়ী আবাসনের জন্য রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন অঞ্চলের পাঁচ হাজারেরও বেশি স্কুল খুলে দেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ (আইএসএনএ)-এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির শিক্ষামন্ত্রী জানিয়েছেন- খামেনির শেষকৃত্যে অংশ নিতে আসা মানুষের জন্য সারাদেশে পাঁচ হাজারের বেশি স্কুল এবং প্রায় ৪০ থেকে ৫০ হাজার শ্রেণিকক্ষ অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা হিসেবে উন্মুক্ত রাখা হয়েছে।
সরকারের আশা, খামেনির শেষ বিদায়ে অংশ নিতে ইরানের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি ও শোকাহত মানুষ তেহরানে সমবেত হবেন। সরকারি হিসাব অনুযায়ী, এ উপলক্ষে এক কোটিরও বেশি মানুষের উপস্থিতি হতে পারে।
এত বিপুল জনসমাগম সামাল দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগতদের জন্য আবাসন, খাবার, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও যাতায়াতের প্রয়োজনীয় ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ইরানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় আয়োজন হতে যাচ্ছে। এতে দেশটির রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক অঙ্গনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গন থেকেও উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা