✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-০২, | ১৫:২০:৩০ |বিশ্বকাপের মঞ্চে একে একে বেশ কয়েকটি কঠিন পরীক্ষা পার করে দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। মরক্কোর সঙ্গে ড্র দিয়ে আসর শুরু করলেও এরপর টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে সেলেসাওরা। সর্বশেষ শেষ ৩২-এর লড়াইয়ে জাপানকে বিদায় করে দিয়ে এবার তারা পা রেখেছে শেষ ষোলোতে। আগামী ৫ জুলাই শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে আর্লিং হালান্ডের নরওয়ে। তবে এই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে সেলেসাওদের সামনে অপেক্ষা করছে আরও বড় এবং কঠিন চ্যালেঞ্জ।
নরওয়েকে হারাতে পারলে শেষ আটে ব্রাজিলকে লড়তে হবে ইংল্যান্ড অথবা স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে। এই দুটি দলই ডিআর কঙ্গো এবং ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো হোঁচট না খাওয়া ইংল্যান্ড রয়েছে দুর্দান্ত ফর্মে। বিশেষ করে দলের মূল তারকা হ্যারি কেইন ৪ ম্যাচে ৫ গোল করে প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়াচ্ছেন।
অন্যদিকে আরেক সম্ভাব্য প্রতিপক্ষ মেক্সিকোও কম যাচ্ছে না, ঘরের মাঠে খেলতে থাকা দলটি চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোলই হজম করেনি। ফলে শেষ আটে যে দলই আসুক না কেন, সেমিফাইনালের টিকিট কাটতে হলে ব্রাজিলকে তাদের সেরা ফুটবলটাই খেলতে হবে। আর যদি ব্রাজিল সেই বাধা পেরিয়ে সেমিফাইনালে পা রাখতে পারে, তবে সেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, কলম্বিয়া কিংবা সুইজারল্যান্ডের মতো শক্তিশালী কোনো দল।
অবশ্য ভবিষ্যতের এই কঠিন সমীকরণে চোখ রাখার আগে ব্রাজিলকে স্তব্ধ করে দিতে পারে নরওয়ের অতীত ইতিহাস। বিশ্বকাপের নতুন ইতিহাস লিখতে উন্মুখ হয়ে থাকা নরওয়েকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে কখনোই হারাতে পারেনি ব্রাজিল। ফুটবলপ্রেমীদের মনে থাকার কথা ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের সেই বিখ্যাত ম্যাচের স্মৃতি, যেখানে রোনালদো-রিভালদোদের শক্তিশালী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে চমকে দিয়েছিল নরওয়ে। এর বাইরে ১৯৮৮ এবং ১৯৯৭ সালের প্রীতি ম্যাচের একটিতে নরওয়ে জিতেছিল এবং অন্যটি ড্র হয়েছিল। এমনকি ২০০৬ সালের সর্বশেষ প্রীতি ম্যাচটিও অমীমাংসিতভাবে শেষ হয় ১-১ গোলে। সব মিলিয়ে ব্রাজিলের বিপক্ষে চারবারের দেখায় দুটিতে জয় আর দুটিতে ড্র নিয়ে মানসিকভাবে এগিয়ে থাকছে নরওয়েই। এখন দেখার বিষয়, আগামী ৫ জুলাই অতীত ইতিহাস পেছনে ফেলে ব্রাজিল কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে পারে, নাকি হলান্ডের নরওয়ে আরও একবার সেলেসাওদের স্বপ্নভঙ্গ করে দেয়।