✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-৩০, | ১৪:৩১:৪৭ |নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পর মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি বলেছেন, এই জয়ের মাধ্যমে বিশ্ব ফুটবলে নিজেদের প্রতি সবার সম্মান আদায় করে নিয়েছে তার দল।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে নেদারল্যান্ডসকে বিদায় করে মরক্কো। শেষ ষোলোতে স্বাগতিক কানাডার মুখোমুখি হবে আফ্রিকার দলটি।
ম্যাচ শেষে ওয়াহবি বলেন, "এখন মরক্কো সবার সম্মান অর্জন করেছে। কথায় নয়, মাঠের খেলায় আমরা সেটি প্রমাণ করেছি।"
মরক্কোর অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব সামলে জাতীয় দলের কোচ হওয়া ওয়াহবি বলেন, তার খেলোয়াড়রা শুধু একটি ম্যাচ জেতার জন্য মাঠে নামে না।
তিনি বলেন, "এই দল এবং আমাদের সব বয়সভিত্তিক দল শুধু ফুটবলের জন্য লড়ে না। তাদের পেছনে কোটি কোটি মানুষ রয়েছে। মরক্কোতে তখন গভীর রাত ছিল, তবু আমরা জানি অধিকাংশ মানুষ জেগে আমাদের খেলা দেখেছে। সেই ভালোবাসাই আমাদের শেষ পর্যন্ত লড়াই করার শক্তি দেয়।"
মরক্কো কোচের দাবি, টাইব্রেকারে জিতলেও পুরো ম্যাচে আধিপত্য ছিল তার দলের।
তিনি বলেন, "আমরা পুরো ম্যাচে নেদারল্যান্ডসকে নিয়ন্ত্রণ করেছি। বলের দখল, আক্রমণ এবং গোলের সুযোগ,সব দিক থেকেই আমরা এগিয়ে ছিলাম। আমরা শান্ত থেকেছি, নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলেছি। আর জানতাম, টাইব্রেকার হলে আমাদের কাছে অসাধারণ একজন গোলরক্ষক আছে।"
ওয়াহবি আরও বলেন, নেদারল্যান্ডসের রক্ষণাত্মক কৌশল তাকে অবাক করেছে। তবে তিনি এটিকে মরক্কোর প্রতি প্রতিপক্ষের সম্মান হিসেবেই দেখছেন।
তিনি আরও বলেন, ‘নেদারল্যান্ডস সাধারণত বল নিজেদের দখলে রেখে খেলতে পছন্দ করে। কিন্তু এবার তারা অনেক নিচে নেমে রক্ষণ সামলেছে। আমি এটাকে আমার প্রতি তাদের সম্মান বলেই মনে করি।’
২০২২ সালের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার পর থেকেই মরক্কোর ফুটবলের মানসিকতায় বড় পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন ওয়াহবি।
তিনি বলেন, "গত কয়েক বছরে মরক্কোর খেলোয়াড়রা নিজেদের ওপর বিশ্বাস করতে শিখেছে। সমর্থকরাও আমাদের বিশ্বাস করে।"
শেষ ষোলোতে কানাডার বিপক্ষে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলেও স্বীকার করেন মরক্কো কোচ। তবে আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, "আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে আমাদের থামানো কঠিন। তবে ফুটবলে কেউ অপরাজেয় নয়। আমরা ভুল করলে আমাদেরও বাড়ি ফিরতে হবে।"