কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে বাড়ছে প্রযুক্তিপণ্যের দাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-৩০, | ০০:৪৫:২১ |
প্রযুক্তিপণ্যের বাজারে দীর্ঘদিন ধরে একটি প্রচলিত ধারণা ছিল যে নতুন মডেল আসার সঙ্গে সঙ্গে পুরনো ডিভাইসের দাম কমে যাবে।

কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে সে প্রবণতায় পরিবর্তন এসেছে। এখন কয়েক বছর পুরনো ল্যাপটপ, ট্যাবলেট ও গেমিং কনসোলের দামও বাড়ছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে, এআই অবকাঠামোর বাড়তি চাহিদা সরবরাহ ব্যবস্থার ওপর চাপ তৈরি করায় উৎপাদন খরচ বেড়ে গেছে। খবর বিবিসি নিউজ।

বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সম্প্রতি বিভিন্ন ডিভাইস ও গেমিং কনসোলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাপল ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানও। কয়েক বছর ধরে বাজারে থাকা পণ্যের দামও এখন বাড়ানো হচ্ছে।

সম্প্রতি ট্যাবলেট ও ল্যাপটপের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে অ্যাপল।

প্রতিষ্ঠানগুলোর দাবি, এআইভিত্তিক ডেটা সেন্টারের চাহিদা দ্রুত বাড়ছে। এসব ডেটা সেন্টার পরিচালনায় বিপুল পরিমাণ চিপ ও মেমোরি প্রয়োজন। ফলে প্রযুক্তিপণ্যের গুরুত্বপূর্ণ উপাদানটির সরবরাহ চাহিদার তুলনায় পিছিয়ে পড়ছে।

বিশেষ করে র‍্যান্ডম অ্যাকসেস মেমোরি বা র‍্যামের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রযুক্তি খাতের কিছু বিশ্লেষক এ পরিস্থিতিকে ‘র‍্যামাগেডন’ নামে অভিহিত করছেন। কারণ একসময় তুলনামূলক সস্তা উপাদানটির দাম এখন দ্রুত বাড়ছে।

একইভাবে মাইক্রোসফটও পাঁচ বছর পুরনো এক্সবক্স সিরিজ এস ও এক্স কনসোলের দাম কমপক্ষে ১০০ ডলার বাড়ানোর ঘোষণা দিয়েছে।

আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া মূল্যবৃদ্ধি গত এক বছরের কিছু বেশি সময়ে এক্সবক্স কনসোলের তৃতীয় দফা মূল্য সমন্বয়। ফলে নতুন কনসোলের দাম গত বছরের একই সময়ের তুলনায় ৩০-৪০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..