টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬-এ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টি গত বছরের তুলনায় প্রায় ৬০০ ধাপ এগিয়ে ৪০১-৬০০ ব্যান্ডে স্থান পেয়েছে।
বুধবার (২৪ জুন) প্রকাশিত র্যাংকিংয়ে দেখা গেছে, ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১০০১-১৫০০ ব্যান্ডে। এবার তা উন্নীত হয়ে ৪০১-৬০০ ব্যান্ডে পৌঁছেছে।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, নীতিমালা ও সামাজিক সম্পৃক্ততার ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করে টাইমস হায়ার এডুকেশন এই র্যাংকিং প্রকাশ করে। এ বছর বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের এক হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়নের আওতায় আনা হয়েছে।
এ অর্জনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, এই অগ্রগতি শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষা, গবেষণা ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক কর্মকাণ্ড আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
