✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-২৪, | ১১:৫০:২৬ |বিশ্বকাপ ফুটবলে মাতোয়ারা বিশ্ব। একই সঙ্গে মাতোয়ারা বিনোদন জগতের তারকারাও। এবার পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নাওয়াল সাইদ বিশ্বকাপের উন্মাদনায় শামিল হলেন। প্রিয় দল আর্জেন্টিনার জার্সির রঙে রাঙালেন নিজেকে। ঝড় তুললেন নেট ভুবনে।
‘এক লাড়কি আম সি’, ‘ইয়াকিন কা সফর’ এবং ‘জান-এ-জাহান’-এর মতো বিভিন্ন সফল নাটকের পর এখন ‘সাইদাই’-এ খলনায়িকার ভূমিকায় অভিনয় করে আবারও সবার নজর কাড়েন। নাওয়াল সাইদ বরাবরই ফ্যাশনপ্রেমী হিসেবে পরিচিত। এবার খেলাধুলার উন্মাদনার সঙ্গে ফ্যাশনের মেলবন্ধন ঘটিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন পাকিস্তানি এই অভিনেত্রী। বিশ্বকাপের উত্তেজনাকে নিজের দারুণ ফ্যাশন সেন্স দিয়ে উদযাপন করলেন ‘জান-এ-জাহান’ খ্যাত তারকা। সম্প্রতি নিজের প্রিয় দল আর্জেন্টিনার সমর্থনে একটি গ্ল্যামারাস ফটোশুটে অংশ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।
ফটোশুটে নাওয়ালের ট্রেন্ডি স্ট্রিট-স্টাইল ফ্যাশন ছিল চোখে পড়ার মতো। আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি-অনুপ্রাণিত স্লিভলেস ক্রপ টপের সঙ্গে তিনি পরেছিলেন লাইট-ওয়াশ ওয়াইড-লেগ জিন্স এবং সাদা স্নিকার্স। এই পোশাকে খেলাধুলার উদ্দীপনা যেমন প্রকাশ পেয়েছে, তেমনি বজায় ছিল আধুনিক ফ্যাশনের নান্দনিকতা। খোলা চুল, হালকা মেকআপ আর আত্মবিশ্বাসী হাসিতে নাওয়াল যেন অনায়াসেই মোহময়ী রূপ ফুটিয়ে তুলেছেন। গতানুগতিকতার বাইরে গিয়ে ট্রেন্ড জার্সির বদলে আর্জেন্টিনার রঙে ক্রপ টপ পরে নিজেকে ব্যতিক্রম করে তুলেছেন।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ফুটবল আসরে প্রিয় দলের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন নাওয়াল। রামাডা হোটেলের বাইরে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে ক্যামেরায় চমৎকার সব পোজ দেন তিনি। পরে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিগুলো শেয়ার করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য শুভকামনা জানান এই অভিনেত্রী। তার এই দারুণ লুক প্রমাণ করে যে, স্পোর্টস-ফ্যাশন চলতি মৌসুমের অন্যতম সেরা লাইফস্টাইল ট্রেন্ড।