ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের ইতিহাসে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছে ইংল্যান্ড। এই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপে ইংলিশদের গোলশূন্য ড্রয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে, যা টুর্নামেন্টের ইতিহাসে অন্য যেকোনো দলের চেয়ে বেশি।
পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলশূন্য ড্রয়ের তালিকায় সবার ওপরে রয়েছে ইংল্যান্ড। তাদের পরে আছে ব্রাজিল, যাদের গোলশূন্য ড্রয়ের সংখ্যা ৯। উরুগুয়ে ৮ বার এবং জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেন ৭ বার করে এমন ফল করেছে।
বিশ্বকাপের প্রথম গোলশূন্য ড্র হয়েছিল ১৯৫৮ সালের ১১ জুন ব্রাজিল ও সুইডেনের ম্যাচে। দীর্ঘ এই ইতিহাসে এবার ইংল্যান্ড নিজেদের নামের পাশে আরেকটি গোলশূন্য ড্র যোগ করে রেকর্ডকে আরও বড় করেছে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের ম্যাচে চার গোল করা ইংল্যান্ড এদিন আক্রমণে ধারহীন ছিল। পুরো ম্যাচে ১৯টি শট নিলেও একবারও জালের দেখা পায়নি তারা। বিশ্বকাপে গত ২৪ বছরের মধ্যে এতগুলো শট নিয়েও গোল করতে না পারার ঘটনা ইংল্যান্ডের জন্য প্রথম।
ম্যাচের প্রথম ৫৭ মিনিট পর্যন্ত ঘানার গোলমুখে লক্ষ্যভেদী কোনো শটই নিতে পারেনি টমাস টুখেলের দল। শেষদিকে বুকায়ো সাকা ও নিকো ও’রাইলি গোলের সুযোগ তৈরি করলেও ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আসারের দুর্দান্ত নৈপুণ্যে গোলবঞ্চিত থাকতে হয় ইংলিশদের।
এই ড্রয়ের ফলে দুই ম্যাচ শেষে ইংল্যান্ড ও ঘানা উভয়েরই সংগ্রহ ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। ঘানার বিপক্ষে জয় পেলে তারা আগেভাগেই নকআউট পর্ব নিশ্চিত করতে পারত, কিন্তু এখন সেই লক্ষ্য পূরণে তাদের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।
অন্যদিকে, সমান ৪ পয়েন্ট নিয়ে ঘানাও পরের রাউন্ডে ওঠার লড়াইয়ে ভালো অবস্থানে রয়েছে। গ্রুপের বাকি দুই দল পানামা ও ক্রোয়েশিয়া এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। ফলে শেষ রাউন্ডের ম্যাচগুলোই নির্ধারণ করবে এই গ্রুপ থেকে কারা নকআউট পর্বে জায়গা করে নেবে।
এ জাতীয় আরো খবর..