বিশ্বকাপের মাঝপথে নতুন করে চোটের ধাক্কা খেল ব্রাজিল। হাইতির বিপক্ষে ম্যাচে চোট পাওয়া ফরোয়ার্ড রাফিনিয়ার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়েছে। তবে আপাতত টুর্নামেন্ট থেকে ছিটকে যাননি এই বার্সেলোনা তারকা। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ফিলাডেলফিয়ায় শুক্রবার হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে প্রথমার্ধের শেষ দিকে মাঠ ছাড়তে বাধ্য হন রাফিনিয়া। চিকিৎসকদের প্রাথমিক সেবা নেওয়ার পর তার পরিবর্তে মাঠে নামেন রায়ান।
ম্যাচ শেষে সিবিএফ জানিয়েছিল, ডান উরুতে অস্বস্তি অনুভব করেছেন বার্সেলোনা তারকা। এরপর করা পরীক্ষায় হ্যামস্ট্রিং ইনজুরির বিষয়টি নিশ্চিত হয়।
তবে ব্রাজিল শিবিরের জন্য স্বস্তির খবর হলো, চোটটি এতটা গুরুতর নয় যে তাকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে। ফলে তিনি দলের সঙ্গেই যুক্তরাষ্ট্রে থাকছেন এবং পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাবেন।
সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, যত দ্রুত সম্ভব স্বাভাবিক অনুশীলনে ফেরানোর লক্ষ্য নিয়ে রাফিনিয়ার জন্য বিশেষ চিকিৎসা ও নিবিড় পুনর্বাসন কর্মসূচি শুরু করা হয়েছে।
রাফিনিয়ার চোট কোচ কার্লো আনচেলত্তির জন্য নতুন মাথাব্যথা হয়ে এসেছে। বিশ্বকাপ শুরুর আগেই একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছে সেলেসাওরা।
মার্চে গুরুতর হাঁটুর চোটে পড়েন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগো। ফলে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে তার জুটি বিশ্বকাপে দেখা যায়নি। এছাড়া তরুণ প্রতিভা এস্তেভাও এপ্রিল মাসে চেলসির হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান। রক্ষণভাগে হ্যামস্ট্রিং সমস্যার কারণে বিশ্বকাপ মিস করছেন এদের মিলিতাঁওও।
এর মধ্যেই রাফিনিয়ার চোট ব্রাজিলের আক্রমণভাগে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
তবে সমর্থকদের জন্য সুখবরও রয়েছে। কোচ আনচেলত্তি জানিয়েছেন, কাফ মাসলের চোট কাটিয়ে নেইমার প্রায় প্রস্তুত। ব্রাজিল কিংবদন্তিকে পরবর্তী ম্যাচে পাওয়া যাবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর হাইতির বিপক্ষে বড় জয় তুলে নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী বুধবার ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এখন দেখার বিষয়, রাফিনিয়া কত দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন এবং নকআউট পর্বের আগে ব্রাজিল তাদের অন্যতম গুরুত্বপূর্ণ আক্রমণভাগের অস্ত্রকে ফিরে পায় কি না।