✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-২০, | ১৯:৪৫:৫১ |বিশ্বকাপে প্রথম জয় পাওয়ার পরও নকআউট পর্ব নিয়ে এখনই ভাবতে রাজি নন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, দলকে আপাতত গ্রুপ পর্বেই মনোযোগী থাকতে হবে।
মরক্কোর সঙ্গে ১-১ গোলের ড্রয়ের পর হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেই নিশ্চিত হবে নকআউট পর্ব।
এমন পরিস্থিতিতেও বাড়তি চাপ নিতে নারাজ আনচেলত্তি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দল এখনই নকআউট নিয়ে ভাবছে না। বরং তাদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী ধাপে যাওয়া।
স্কটল্যান্ডকে নিয়েও সতর্ক ব্রাজিল কোচ। তিনি বলেন, দলটি নিজেদের স্বকীয়তায় শক্তিশালী এবং মরক্কোর বিপক্ষেও ভালো লড়াই করেছে। তাই পরবর্তী ম্যাচে পুরো মনোযোগ ধরে রাখতে হবে।
এখন পর্যন্ত তুলনামূলক সহজ প্রতিপক্ষের মুখোমুখি হলেও সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করছেন আনচেলত্তি। তিনি জানান, ব্রাজিলের লক্ষ্য যেকোনো শক্তিশালী দলের বিপক্ষে সমানতালে লড়াই করা।