মেসিকে নয়, আলভারেজকেই ‘নিজ দলে’ চান স্পেন কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২০, | ১৮:৩৯:৪৮ |

আলজেরিয়ার বিপক্ষে দারুণ হ্যাটট্রিকের মাধ্যমে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করেছেন লিওনেল মেসি। যার ফলে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে মেসিকে নয়, বরং আর্জেন্টিনার আরেক তারকা হুলিয়ান আলভারেজকে ‘নিজের দলে নিতে চান’ স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান তিনি। এমনকি সুযোগ পেলে আলভারেজকে স্পেন দলে নেওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল পার্তিদাসো দে কোপেকে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমার দলের খেলার ধরনে সে (আলভারেজ) দারুণ মানিয়ে যেত। সে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হয়ে উঠতে পারত। আমার কাছে বিষয়টি খুবই ভালো মনে হয়।’

আলভারেজের ভবিষ্যৎ নিয়ে যখন বিভিন্ন গুঞ্জন চলছে, তখনই স্পেন কোচের এই মন্তব্য সামনে এলো। বেশ কিছুদিন ধরেই তাকে দলে নেওয়ার আগ্রহ দেখাচ্ছে বার্সেলোনা। প্রায় ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও শোনা যায়, তবে তা সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করে আতলেতিকো মাদ্রিদ।

অন্যদিকে রিয়াল মাদ্রিদও নাকি ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল, তবে ক্লাবটি এখনও তাকে ছাড়তে রাজি হয়নি। আতলেতিকো মাদ্রিদ এখনো তার রিলিজ ক্লজ ৫০০ মিলিয়ন ইউরোতেই অনড় অবস্থানে রয়েছে।

স্পেন দলে দে লা ফুয়েন্তের শিষ্য এবং বার্সেলোনার মিডফিল্ডার দানি ওলমোও আলভারেজের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘সে বিশ্বমানের একজন খেলোয়াড়, এটা সবাই জানে। এই মুহূর্তে বিশ্বের সেরা নাম্বার নাইনদের একজন। মাঠের বাইরেও সে দারুণ একজন মানুষ।’

সবশেষে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন হুলিয়ান আলভারেজ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..