হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে অবস্থান করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে শেষ ম্যাচের আগে এখনো নিশ্চিত হয়নি তাদের দ্বিতীয় পর্বের টিকিট।
গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ প্রতিপক্ষ স্কটল্যান্ড। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে হলে অন্তত হার এড়াতে হবে ভিনিসিয়ুসদের। জিতলে কোনো সমীকরণের প্রয়োজন হবে না, সরাসরি শীর্ষ দুইয়ে থেকে শেষ ৩২-এ জায়গা করে নেবে ব্রাজিল।
স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলে ব্রাজিলের পয়েন্ট হবে ৭। সে ক্ষেত্রে মরক্কো হাইতির বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও ব্রাজিলের দ্বিতীয় পর্ব নিশ্চিত থাকবে। গোল ব্যবধান ভালো থাকলে গ্রুপসেরাও হতে পারে তারা।
অন্যদিকে স্কটল্যান্ডের সঙ্গে ড্র করলে ব্রাজিলের পয়েন্ট হবে ৫। তখন তাদের ভাগ্য নির্ভর করবে মরক্কো-হাইতি ম্যাচের ফলের ওপর। মরক্কো ড্র করলে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপসেরা হবে ব্রাজিল, আর মরক্কো জিতলে ব্রাজিল শেষ করবে দ্বিতীয় স্থানে।
