✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-১৮, | ১৪:১২:৫৬ |বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক শুরুর মাঝেই মেসিকে নিয়ে চমকপ্রদ মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। আর্জেন্টিনার জয়ে মুগ্ধ হয়ে তিনি হাসতে হাসতেই বললেন, ব্রাজিলের হয়ে খেলানোর জন্য মেসিকে দলে নেওয়া যায় কি না, এমন চিন্তাও মাথায় এসেছিল।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ম্যাচটিতে দলের বেশ কিছু দুর্বলতা চোখে পড়ে। অন্যদিকে আর্জেন্টিনা ৩-০ গোলে আলজেরিয়াকে হারায়, যেখানে হ্যাটট্রিক করেন অধিনায়ক লিওনেল মেসি।
এই প্রেক্ষাপটে সাংবাদিকরা ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করলে লুলা হালকা মেজাজেই মেসিকে নিয়ে মন্তব্য করেন। তবে তিনি স্পষ্ট করেন, মরক্কোর সঙ্গে ড্র করাটা বড় কোনো ধাক্কা নয়। তার মতে, গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষই ছিল মরক্কো।
লুলা আরও বলেন, অনেকেই বলে ব্রাজিলকে নিয়ে যখন সন্দেহ তৈরি হয়, তখনই তারা বিশ্বকাপ জিতে নেয়। এবারও কী হয়, সেটাই দেখার বিষয়।
এদিকে ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচে শুক্রবার হাইতির মুখোমুখি হবে। ম্যাচটির আগে দলে নেইমারকে দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা। প্রায় তিন বছর পর দলে ফিরলেও ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি।
গত মাসে কাফ ইনজুরিতে পড়া ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বুধবার দলের সঙ্গে প্রথম অনুশীলনে অংশ নেন। অনুশীলনে যোগ দিতে মাঠে নামার সময় হাসতে হাসতেই সাংবাদিকদের উদ্দেশে নেইমার বলেন, আমাকে কি মিস করেছেন।
তবে এই প্রতিযোগিতায় তিনি ঠিক কবে মাঠে নামবেন, তা এখনো নিশ্চিত নয়।