বিশ্বকাপের কড়া নিরাপত্তা থেকে ছাড় পেলেন না ক্রিশ্চিয়ানো রোনালদোও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৮, | ১৪:০৪:২২ |

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং অন্যতম সেরা ফুটবল তারকা হলেও যুক্তরাষ্ট্রের কঠোর নিরাপত্তা প্রোটোকল থেকে রেহাই পেলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে মার্কিন প্রশাসনের নেওয়া নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মুখোমুখি হতে হয়েছে স্বয়ং পর্তুগিজ অধিনায়ককে। আমেরিকার মাটিতে পা রাখামাত্রই অন্যান্য সাধারণ ফুটবলার ও নাগরিকদের মতোই নিয়মের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।

আসন্ন ফুটবল মহাযজ্ঞে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর বেশ কয়েকটি দেশের জাতীয় দলকে তাদের সমস্ত লাগেজ নামিয়ে বিস্তারিত তল্লাশির মুখোমুখি হতে হয়েছে। সেই একই নিয়মের বেড়াজালে পড়তে হয়েছে রোনালদো ও তার দল পর্তুগালকে। মার্কিন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা পর্তুগিজ অধিনায়ককে সামনে-পেছনে এবং আপাদমস্তক মেটাল ডিটেক্টর দিয়ে নিখুঁতভাবে স্ক্যান করেন। অবশ্য পুরো প্রক্রিয়া চলাকালীন বেশ ধৈর্য্য ও শান্ত মেজাজেই দেখা গেছে এই সুপারস্টারকে।

ক্রিস্টিয়ানো রোনালদোকে এভাবে কড়া তল্লাশির মুখোমুখি হতে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল ভক্তদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই মার্কিন কর্তৃপক্ষের এই অতিরিক্ত কড়াকড়ি নিয়ে প্রশ্ন তুলেছেন। টুর্নামেন্টে অংশ নিতে আসা অন্যান্য দলের সঙ্গেও এমন আচরণের কারণে আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সমালোচনা করছেন অনেকে। কিছু সমর্থকের মতে, বিশ্বকাপের অন্য দুই আয়োজক দেশের তুলনায় আমেরিকার দেওয়া অভ্যর্থনা মোটেও সৌহার্দ্যপূর্ণ ছিল না। তবে সমালোচনা থাকলেও মাঠের চিত্র ছিল ভিন্ন; পর্তুগাল দল সমস্ত নিয়ম মেনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের কাজ সম্পন্ন করেছে।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা পুরো প্রক্রিয়াটিতে বিন্দুমাত্র বিরক্ত বা বিচলিত হননি। বরং অত্যন্ত পেশাদারত্বের সঙ্গে নিরাপত্তা কর্মীদের সহযোগিতা করেছেন এবং স্বাভাবিকভাবেই বাকি সতীর্থদের সঙ্গে এগিয়ে গেছেন। এমনকি নিরাপত্তা বেষ্টনী পার হওয়ার সময় পাশে দাঁড়িয়ে থাকা এক খুদে নারী ভক্তের দিকে হাত নাড়িয়ে ভালোবাসার জবাব দিতেও ভোলেননি তিনি। 

সূত্র: মার্কা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..