আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৬, | ১২:৩৯:২৮ |

বিশ্বকাপ শিরোপা রক্ষার অভিযান শুরুর আগে স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচকে সামনে রেখে দলের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় চোট কাটিয়ে ফিরে এসেছেন বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

সোমবার কানসাস সিটিতে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, প্রথম ম্যাচকে ঘিরে দলের মধ্যে কোনো বাড়তি চাপ নেই। ২০২২ বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে তারা জানেন, উদ্বোধনী ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও সেটিই সবকিছু নির্ধারণ করে না।

স্কালোনি বলেন, “আমরা শান্ত আছি। এটি শেষ পর্যন্ত একটি ফুটবল ম্যাচই। আগের বিশ্বকাপের অভিজ্ঞতা আমাদের আছে। প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ, কিন্তু সবকিছু এর ওপর নির্ভর করে না।”

তিনি আরও বলেন, “আমরা ভালো অবস্থায় আছি এবং ভালো সময়েই এখানে পৌঁছেছি। আলজেরিয়া শক্তিশালী একটি দল, তাদের ভালো খেলোয়াড় আছে। তবে আমরা আত্মবিশ্বাসী।”

ম্যাচের আগে সবচেয়ে একাধিক বড় স্বস্তির খবর হলো, অধিনায়ক লিওনেল মেসি, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ সবাই খেলতে প্রস্তুত।

সাম্প্রতিক সময়ে মেসি হালকা হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছিলেন। আলভারেজের গোড়ালিতে চোট ছিল। অন্যদিকে এমিলিয়ানো মার্টিনেজের একটি আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছিল। তবে তিনজনই এখন দলে খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন কোচ।

মেসিকে নিয়ে স্কালোনি বলেন, “সবাই মেসিকে মাঠে দেখতে চায়। শুধু আর্জেন্টিনার সমর্থক নয়, পুরো ফুটবল বিশ্ব তাকে দেখতে চায়। সে সবসময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হবে। আমি তাকে খুব ভালো অবস্থায় দেখছি।”

এমিলিয়ানো মার্তিনেজ সম্পর্কে তিনি বলেন, “এমিলিয়ানো ভালো আছে। গত দুই দিনের মতো পারফর্ম করলে সে খেলবে।”

আলভারেজকে নিয়ে স্কালোনির মন্তব্য, “তার গোড়ালিতে সমস্যা ছিল, কিন্তু পুনর্বাসন ভালো হয়েছে। আগামী ম্যাচের জন্য সে পুরোপুরি প্রস্তুত এবং আমাদের বিকল্পের মধ্যে রয়েছে।”

এদিকে আর্জেন্টিনা শিবিরে বর্তমানে বড় কোনো চোটের সমস্যা নেই। শুধু নিকোলাস তালিয়াফিকোর অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্কালোনি বলেন, “এই মুহূর্তে দলে কোনো ইনজুরিগ্রস্ত খেলোয়াড় নেই। শুধু তালিয়াফিকোর বিষয়টি আমরা দেখছি। সবকিছু ঠিক থাকলে সেও দলের সঙ্গে থাকবে।”

শুরুর একাদশ নির্বাচন নিয়ে নিজের ভাবনার কথাও জানান আর্জেন্টাইন কোচ। তার মতে, সমস্যা কখনও খেলোয়াড়ের অভাব নয়, বরং এত বেশি মানসম্পন্ন খেলোয়াড়ের মধ্যে থেকে কাকে বাইরে রাখা হবে সেটিই সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।

তিনি বলেন, “আমার সমস্যা একাদশ গঠন নয়, বরং ভালো খেলোয়াড়দের বাইরে রাখা। আমরা ভারসাম্যপূর্ণ দল গড়তে চাই। ১১ জন খেলবে, তাই কাউকে না কাউকে বাইরে থাকতেই হবে।”

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া। এরপর অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..