বাবার দেশের বিরুদ্ধে বিশ্বকাপে গোল, সেজদায় লুটিয়ে পড়লেন ফুটবলার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৫, | ১২:৪৩:২৫ |

মাত্র ২২ বছর বয়সে বিশ্বকাপের মঞ্চে অভিষেক। আর সেই অভিষেক ম্যাচেই জোড়া গোল করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন সুইডেনের তরুণ মিডফিল্ডার ইয়াসিন আয়ারি।

মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় সুইডেন। ম্যাচের মাত্র সপ্তম মিনিটে দুর্দান্ত এক ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন আয়ারি। বক্সের বাইরে থেকে নেওয়া তার জোরালো শট সোজা জালে জড়িয়ে যায়।

তবে গোল করার পর অন্য তরুণ ফুটবলারের মতো উচ্ছ্বাসে ভেসে যাননি তিনি। বরং দুই হাত তুলে মাটিতে সেজদায় লুটিয়ে পড়েন সুইডিশ এই মিডফিল্ডার।

এর পেছনে রয়েছে তার পারিবারিক শিকড়। আয়ারির বাবা তিউনিসিয়ার এবং মা মরক্কোর নাগরিক। যদিও তার জন্ম ও বেড়ে ওঠা সুইডেনেই।

মাত্র ১৮ বছর বয়সে সুইডেন জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন আয়ারি। বাবার দেশ তিউনিসিয়ার প্রস্তাবও পেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত জন্মভূমির পক্ষেই খেলার সিদ্ধান্ত নেন এই ফুটবলার।

সুইডিশ সংবাদমাধ্যম আফতোনব্লাদেতকে আয়ারির বাবা আজ্জুজ আয়ারি বলেন, “আমি চেয়েছিলাম সে সুইডেনের হয়েই খেলুক। যে দেশ তাকে বড় করেছে, তার প্রতি কৃতজ্ঞতা দেখানো উচিত।”

তিনি আরও জানান, তিউনিসিয়ার জাতীয় দলে খেলার সুযোগ এলেও সেটি নিয়ে তারা খুব একটা ভাবেননি।

সাত বছর বয়সে নিজ শহর সোলনার ক্লাব রাসুন্দার হয়ে ফুটবল শুরু করেন আয়ারি। পরে সুইডেনের ঐতিহ্যবাহী ক্লাব এআইকে-তে যোগ দেন এবং ২০২০ সালে সিনিয়র দলে অভিষেক হয় তার।

২০২৩ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে যোগ দেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। একই বছর সুইডেন জাতীয় দলেও ডাক পান।

বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার পর থেকেই তিউনিসিয়ার বিপক্ষে খেলার বিষয়টি নিয়ে আলোচনায় ছিলেন আয়ারি। কারণ প্রতিপক্ষ দলটিই তার বাবার জন্মভূমি।

এ নিয়ে তিনি বলেছিলেন, “এটা সত্যিই অবিশ্বাস্য ছিল যে আমরা একই গ্রুপে পড়েছি।”

ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন দুর্দান্ত। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোলটিও করেন আয়ারি। তিউনিসিয়ার ডি-বক্সের সামনে বল পেয়ে দারুণ এক শটে দূরের কোণে বল জড়িয়ে দেন তিনি।

তবে এবার আর আবেগ লুকিয়ে রাখেননি। গ্যালারিতে থাকা সুইডিশ সমর্থকদের উচ্ছ্বাসের সঙ্গে নিজেও উদযাপনে মাতেন তরুণ এই ফুটবলার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..