✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-১৪, | ১৯:৫৪:৩৩ |২০১৮ ফিফা বিশ্বকাপের মাত্র কয়েকদিন আগে রিয়াল মাদ্রিদে যোগ দিতে রাজি হওয়ায় স্পেনের জাতীয় দলের কোচ থেকে বরখাস্ত হন জুলেন লোপেতেগুই। রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত একটায় কাতার জাতীয় দলের হয়ে ইতিহাস গড়লেন এই কোচ।
২০২২ সালে আয়োজক হিসেবে সরাসরি যোগ্যতা অর্জন করলেও, এবার কাতারকে বাছাইপর্বের কঠোর পথ পাড়ি দিতে হয়েছে। লোপেতেগুই সেই চ্যালেঞ্জের জন্য দলকে প্রস্তুত করেছেন। বিশ্বকাপে সেই হৃদয়বিদারক ঘটনার আট বছর পর, সুইজারল্যান্ডের বিপক্ষে নাটকীয় ১-১ ড্রয়ের মাধ্যমে এই স্প্যানিশ কৌশলী প্রথম ম্যানেজার হিসেবে বিদেশের মাটিতে কাতারের হয়ে বিশ্বকাপে পয়েন্ট অর্জন করেছেন।
ম্যাচের আগে কথা বলতে গিয়ে জুলেন ইরান যুদ্ধের সময়ের কথা তুলে ধরেন। তিনি জানান, কীভাবে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ তাদের বিশ্বকাপের প্রস্তুতিতে বাধা সৃষ্টি করেছিল। অস্থিরতার কারণে আর্জেন্টিনা ও সার্বিয়ার বিপক্ষে ম্যাচ বাতিল করা হয়েছিল। তিনি আরও জানান, তার পরিবার তাকে দেশে ফিরে আসতে বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।
সাবেক এই স্প্যানিশ কোচ বলেন, এটা ছিল খুবই অপ্রীতিকর, আমার জীবনে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। আপনি সতর্কবার্তার জন্য অপেক্ষা করছেন, ফোনের দিকে তাকিয়ে আছেন। আপনি একটি বার্তা পাচ্ছেন, বাড়ি থেকে বের হবেন না, ঝুঁকি কমে গেলে আরেকটি বার্তা। নিরাপদ এলাকায়, বাড়ির ভেতরে, কাঁচ থেকে দূরে থাকুন। বেশিরভাগ বোমা মার্কিন ঘাঁটিগুলোর কাছেই পড়েছিল, তাই সেখান থেকে দূরে থাকলে নিজেকে মোটামুটি নিরাপদ মনে হতো, কিন্তু আপনার পরিবার বলছিল, ফিরে এসো।
লোপেতেগুই বলেন, প্রথমে আপনি ফিরতে পারতেন না। যুদ্ধের কারণে আকাশপথ বন্ধ ছিল। তারপর আমার মনে হলো এটা ঠিক নয়। যখন আকাশপথ খুলে গেল এবং আমার স্ত্রী ফিরে গেল, আমি থেকে গেলাম। সেখানে থাকার একটা দায়িত্ব আমার ছিল। এটা কোনো বীরত্ব দেখানো বা সেরকম কিছু নয়, আমি অনুভব করেছিলাম এটাই আমাদের কর্তব্য, যা আমার করার ছিল।
সুইজারল্যান্ডের বিপক্ষে কাতারিরা ব্রিল এমবোলোর প্রথমার্ধের গোলে পিছিয়ে পড়ে এবং খেলার বাকি অংশে রক্ষণাত্মক অবস্থানে ছিল। তবে অতিরিক্ত সময়ের চার মিনিটের মাথায় মিরো মুহেইমের আত্মঘাতী গোলে ম্যাচটি ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে কাতার।