বিশ্বকাপের শিরোপা না জিতেও জাতীয় দলের জার্সিতে সাতটি তারকা ব্যবহার করায় মিসর ফুটবল অ্যাসোসিয়েশনকে সতর্ক করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচে বর্তমান সাত তারকাসংবলিত জার্সি ব্যবহার করা যাবে না।
আফ্রিকা কাপ অব নেশন্সে রেকর্ড সাতবার শিরোপা জয়ের স্মারক হিসেবে দীর্ঘদিন ধরে জার্সিতে সাতটি তারকা ব্যবহার করে আসছে মিসর। তবে ফিফার নিয়ম অনুযায়ী, জাতীয় দলের জার্সিতে তারকা যোগ করার অধিকার কেবল বিশ্বকাপ জয়ী দলগুলোর জন্য সংরক্ষিত।
মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের মিডিয়া কর্মকর্তা মোহামেদ মোরাদ ছাবেত জানান, চলতি বছরের শুরুতেই ফিফা বিষয়টি আনুষ্ঠানিকভাবে তাদের অবহিত করে। একই সঙ্গে কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমাকেও জার্সির নকশায় প্রয়োজনীয় পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়।
ছাবেত বলেন, এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়; বরং নিয়ম বাস্তবায়নের অংশ হিসেবে দেওয়া একটি আনুষ্ঠানিক নোটিশ। তার দাবি, ফিফার অবস্থান সম্পর্কে আগে থেকেই ধারণা থাকায় প্রয়োজনীয় প্রস্তুতি তারা সম্পন্ন করে রেখেছিল।
